×
Logo

সারাদেশ

খাগড়াছড়িতে মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ১

খাগড়াছড়ি করেসপনডেন্ট

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম

খাগড়াছড়িতে মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ১

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আলুটিলা পর্যটন কেন্দ্রের অদূরে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

নিহতের নাম এনায়েত হোসেন সৌরভ। তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসনের অস্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, এনায়েত হোসেন সৌরভ তার স্ত্রীকে নিয়ে পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সাথে তাদের বহনকারী সিএনজিটির সংঘর্ষ হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৌরভের মৃত্যু হয়। বর্তমানে তার স্ত্রী ও সিএনজি চালক ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

/এএ/এমএন

Logo