বিসিপিএস-এর সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মওদুদ হোসেন আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) বিসিপিএসের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার অধ্যাপক কোহিনূর বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি পদে ডা. নূরউদ্দীন আহমদ, সহসভাপতি পদে ডা. লুৎফুল আজিজ, কোষাধ্যক্ষ পদে ডা. সেহরীন ফরহাদ সিদ্দিকা এবং সচিব পদে ডা. ইমতিয়াজ ফারুক নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য (১) হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. কাজী দীন মোহাম্মদ। নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
এদিকে, নির্বাচনে সদস্য (২) পদের বিপরীতে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নিয়ম অনুযায়ী এই পদটিতে পরবর্তীতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানায় বিসিপিএসের নির্বাচন কমিশন।
/এসআর