×
Logo

বিনোদন

অস্কারে ভিএফএক্সের সেরা ২০ ছবির তালিকায় রণবীরের ‘রামায়ণ’

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

অস্কারে ভিএফএক্সের সেরা ২০ ছবির তালিকায় রণবীরের ‘রামায়ণ’

অস্কারের ৯৯তম আসরে সেরা ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) বিভাগের শীর্ষ ২০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছে ভারতীয় মহাকাব্যনির্ভর সিনেমা ‘রামায়ণ’। হলিউডের বড় বাজেটের সিনেমা ‘ডিউন: পার্ট থ্রি’, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘দ্য ওডিসি’ ও ‘প্রজেক্ট হেইল মেরি’র সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি। 

চলচ্চিত্রটির ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের ২০টি সিনেমার প্রাথমিক তালিকায় জায়গা পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দলগুলোকে জানিয়েছে অ্যাকাডেমির ভিজ্যুয়াল ইফেক্টস শাখা। তবে, অ্যাকাডেমি এ প্রাথমিক তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ বা নিশ্চিত করেনি।

‘রামায়ণ’-এর ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করেছে ডিএনইজি। ‘ডিউন’ ও ‘ইন্টারস্টেলার’-এর মতো সিনেমায় কাজ করা প্রতিষ্ঠানটি ভিজ্যুয়াল ইফেক্টসের জন্য এ পর্যন্ত আটটি অস্কার জিতেছে।

শীর্ষ ২০-এর তালিকায় আরও রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, স্টিভেন স্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’, ‘সুপারগার্ল’, ‘স্টার ওয়ার্স: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’, ‘গডজিলা মাইনাস জিরো’, ‘মোয়ানা’ এবং ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’। 

তালিকায় চারটি সিনেমা নিয়ে সবচেয়ে বেশি অবস্থান রয়েছে ডিজনির। সনি পিকচার্সের রয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে ‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ রয়েছে। 

এর আগে, এসএস রাজামৌলির ‘আরআরআর’ ৯৫তম অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছিল। তবে, শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পায়নি সিনেমাটি।

আগামী ৭ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরবর্তী ধাপের প্রাথমিক ভোটগ্রহণ। ১৫ ডিসেম্বর ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের চূড়ান্ত ১০টি সিনেমার সংক্ষিপ্ত তালিকা প্রকাশের কথা রয়েছে।

এরপর জানুয়ারিতে নির্বাচিত সিনেমাগুলোর ভিজ্যুয়াল ইফেক্টস উপস্থাপনা অনুষ্ঠিত হবে। ২০২৭ সালের ২১ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত অস্কার মনোনয়ন।

আগামী বছরের ১৪ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মূল আয়োজন।

তথ্যসূত্র: গালফ নিউজ 

/এএন


Logo