সোহেল খান কি কোনোভাবে বলতে চাইলেন, আমি আছি?
মোস্তফা সরয়ার ফারুকী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম
অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকাহত তার দীর্ঘদিনের সহকর্মী ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সোহেল খানের মৃত্যুর খবর পাওয়ার পর ফারুকী ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন, যেখানে তিনি সদ্য বিদায় নেওয়া অভিনেতাকে নিয়ে গভীর বেদনা প্রকাশ করেছেন।
ফারুকী লিখেছেন, 'জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ‘৪২০’ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন।'
তিনি আরও লিখেছেন, 'কালকে হঠাৎ আমার চোখের সামনে ওই কার্ডটা পড়লো কেনো? সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করিয়ে দিতে চাইলেন, আমি আছি?'
সোহেল খানের মৃত্যুর আগের দিন তার ফটোকার্ড শেয়ার করার ঘটনাটি ফারুকীর কাছে কাকতালীয় মনে হয়েছে। তাই মৃত্যুর খবর পাওয়ার পর তিনি মনে করছেন, সোহেল খান হয়তো তাকে নিজের কথা মনে করিয়ে দিয়ে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে গত ১৯ নভেম্বর থেকে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। কাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়।
শুটিং ইউনিটের সদস্যরা জানান, আজ মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
/এমএমএইচ