×
Logo

বিনোদন

দার-ই-নিজাতসহ পাকিস্তানি ৮ ড্রামা দর্শক মাতিয়েছে বছরজুড়ে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

দার-ই-নিজাতসহ পাকিস্তানি ৮ ড্রামা দর্শক মাতিয়েছে বছরজুড়ে

প্রেম, প্রতিশোধ, পারিবারিক দ্বন্দ্ব, ধর্ষণ, সাইবার অপরাধ ও সামাজিক বাস্তবতার গল্পে ২০২৬ সালজুড়ে দর্শকদের মাতিয়েছে পাকিস্তানি টেলিভিশন নাটক। তবে সব আলোচনাকে ছাপিয়ে গেছে উমেরা আহমেদের লেখা ‘দার-ই-নিজাত’। মাত্র ২৩ পর্বেই নাটকটি সামাজিক যোগাযোগমাধ্যমে পেয়েছে ১ দশমিক ৭ বিলিয়ন বা ১৭০ কোটি ভিউ।

পাকিস্তানের বিনোদনজগতে টেলিভিশন নাটকের জনপ্রিয়তা বরাবরই উল্লেখযোগ্য। দেশটির নাটক শুধু স্থানীয় দর্শকদের মধ্যেই নয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের কাছেও সমাদৃত। ২০২৬ সালেও এর ব্যতিক্রম হয়নি। বছরজুড়ে প্রচারিত অসংখ্য নাটকের মধ্যে আটটি বিশেষভাবে আলোচনায় এসেছে। এসব নাটকের গল্প, অভিনয়, দর্শকপ্রিয়তা ও সামাজিক প্রভাব নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

তালিকার আটটি নাটকের মধ্যে সাতটির প্রচার শেষ হয়েছে। তবে এখনো প্রচারিত হচ্ছে ‘দার-ই-নিজাত’। দর্শকসংখ্যা, জনপ্রিয়তা ও আলোচনার বিচারে নাটকটি বিশেষ জায়গা করে নিয়েছে।

১. দার-ই-নিজাত: ২৩ পর্বেই ১৭০ কোটি ভিউ

২০২৬ সালের সবচেয়ে আলোচিত পাকিস্তানি নাটকগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ‘দার-ই-নিজাত’। জনপ্রিয় লেখক উমেরা আহমেদের লেখা এই নাটকে জারিয়াব চরিত্রে অভিনয় করেছেন দুর-ই-ফিশান সেলিম। দীর্ঘদিনের প্রেমিক জামিলের (নামির খান) কাছ থেকে প্রতারণার শিকার হয় সে। অন্যদিকে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার, যে দীর্ঘদিন ধরে জারিয়াবকে ভালোবাসে।

প্রেম, বিশ্বাসভঙ্গ ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে জারিয়াবের জীবনে আবু বকরের ভূমিকা এবং তার মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা বিতর্ক।

এআরওয়াইয়ের তথ্য অনুযায়ী, মাত্র ২৩ পর্বেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির ভিউ ১ দশমিক ৭ বিলিয়ন ছাড়িয়েছে। প্রযোজক জেরজিস সেজার দেওয়া তথ্য অনুযায়ী, নাটকটির টিআরপি ১৬ দশমিক ৫। এর গান ‘আলবিদা আলবিদা’ স্পটিফাই পাকিস্তানের ওএসটি প্লেলিস্টের শীর্ষেও জায়গা করে নিয়েছে।

২. হামরাহি: শেষ পর্বে নায়কের মৃত্যুতে হতাশ দর্শক

প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘হামরাহি’তে জুটি বেঁধেছেন দানিশ তাইমুর ও হিবা বুখারি। নাটকে সাইহান গাজী চরিত্রে অভিনয় করেছেন দানিশ। অন্যদিকে হিবাকে দেখা গেছে এলিফ ও ইলহাম—দুটি চরিত্রে।

প্রথম পর্ব প্রকাশের পরই নাটকটি আট মিলিয়নের বেশি ভিউ পায়। প্রচার শেষ হওয়ার আগেই ইউটিউবে এর ভিউ ৯০০ মিলিয়ন ছাড়িয়ে যায়। তবে শেষ পর্বে সাইহানের মৃত্যু দর্শকদের বড় একটি অংশকে হতাশ করে। নাটকটির সমাপনী পর্ব সিনেমা হলেও প্রদর্শিত হয়েছিল।

৩. মেরি জিন্দেগি হ্যায় তু: নতুন জুটির রসায়নে মুগ্ধ দর্শক

হানিয়া আমির ও বিলাল আব্বাস খানের প্রথম একসঙ্গে অভিনয় এই নাটকটিকে আলোচনায় নিয়ে আসে। এতে চিকিৎসক আইরা চরিত্রে অভিনয় করেছেন হানিয়া। আর কামইয়ার চরিত্রে দেখা গেছে বিলালকে।

প্রথম পর্ব থেকেই দুজনের রসায়ন দর্শকদের আকৃষ্ট করে। গল্পের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা থাকলেও প্রায় চার মাস ধরে নাটকটি দর্শকদের আলোচনায় ছিল। রাদাইন শাহের লেখা এবং মুসাদ্দিক মালেকের পরিচালনায় নির্মিত নাটকটি ২০২৬ সালের অন্যতম আলোচিত প্রেমের গল্প হয়ে ওঠে।

৪. কেস নম্বর ৯: ধর্ষণ ও বিচারব্যবস্থার গল্প

ধর্ষণ ও বিচার পাওয়ার লড়াই নিয়ে নির্মিত ‘কেস নম্বর ৯’ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে এনেছে। জিও নিউজের উপস্থাপক শাহজেব খানজাদা প্রথমবারের মতো নাটকের চিত্রনাট্য লিখেছেন।

এতে সেহর মোয়াজ্জেম চরিত্রে অভিনয় করেছেন সাবা কামার। তিনি একজন ক্রিয়েটিভ ডিরেক্টর। নাটকে তার ওপর নির্যাতন চালায় ধনী বস কামরান, যার চরিত্রে অভিনয় করেছেন ফয়সাল কুরেশি। শেষ পর্বে সেহর বিচার পান। নাটকটির সমাপনী পর্ব প্রচারের আগে জিও নিউজে বিশেষ আলোচনারও আয়োজন করা হয়।

৫. এইক অর পাকিজা: সাইবার অপরাধের ভয়াবহ চিত্র

সাইবার অপরাধ ও অনলাইনে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়াবহতা উঠে এসেছে ‘এইক অর পাকিজা’ নাটকে। এতে পাকিজা চরিত্রে অভিনয় করেছেন সেহর খান এবং ফারাজের ভূমিকায় নামির খান।

একজন তরুণী আইনজীবী ও একজন প্রকৌশলীকে অস্ত্রের মুখে ভিডিও ধারণের পর তা অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। এরপর তাদের জীবনে নেমে আসে নানা সংকট। বিশেষ করে এমন ঘটনায় ভুক্তভোগীদের পাশে না দাঁড়িয়ে পরিবার ও সমাজের একাংশ কীভাবে তাদেরই দোষারোপ করে, তা তুলে ধরা হয়েছে নাটকে।

৬. ডক্টর বহু: চিকিৎসক হয়েও শ্বশুরবাড়ির চাপে নারী

কুবরা খান অভিনীত ‘ডক্টর বহু’ নাটকে সানিয়া একজন উচ্চাকাঙ্ক্ষী চিকিৎসক। বিয়ের পর এমন একটি পরিবারে তার ঠাঁই হয়, যাদের নিজেদের হাসপাতাল রয়েছে। কিন্তু চিকিৎসক হিসেবে যোগ্যতা ও পরিচিতি থাকলেও শ্বশুরবাড়িতে পুত্রবধূ হিসেবে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে।

স্বামী সালমানের চরিত্রে অভিনয় করেছেন শুজা আসাদ। পারিবারিক সম্পর্ক, নারীর অবস্থান ও ব্যক্তিগত আকাঙ্ক্ষার দ্বন্দ্ব নাটকটির মূল উপজীব্য। ২০১৯ সালের পর এটি ছিল পরিচালক মেহরিন জব্বারের প্রথম পূর্ণদৈর্ঘ্য ধারাবাহিক নাটক।

৭. জাঞ্জিরাইন: প্রতিশোধ ও প্রজন্মের সংঘাত

সাজাল আলি ও আমির গিলানির অভিনয়ে ‘জাঞ্জিরাইন’ শুরুতে প্রেমের গল্প হিসেবে দর্শকদের সামনে আসে। তবে গল্প এগোনোর সঙ্গে সঙ্গে এতে যুক্ত হয় হত্যা, প্রতিশোধ ও পারিবারিক সংঘাত।

নাটকে মুদাসসির চরিত্রে অভিনয় করেছেন আমির গিলানি। তার স্ত্রী রাবিয়ার চরিত্রে সাজাল আলি। এক উন্মত্ত অনুসরণকারীর হাতে মুদাসসির খুন হওয়ার পর রাবিয়ার জীবনে নতুন সংকট তৈরি হয়। এরপর সার বুলন্দ চরিত্রে ড্যানিয়াল জাফরের সঙ্গে সাজালের রসায়নও আলোচনায় আসে।

ধীরে শুরু হলেও নাটকটি পরে জনপ্রিয়তা পায়। আগস্টে ইউটিউবে এর ভিউ এক বিলিয়ন ছাড়িয়ে যায়।

৮. বাস তেরা সাথ হো: ডিপফেকের ফাঁদে জীবন

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়া ভিডিও বা ডিপফেকের ভয়াবহতা তুলে ধরা হয়েছে ‘বাস তেরা সাথ হো’ নাটকে। এতে আনাস চরিত্রে অভিনয় করেছেন ফারহান সাঈদ এবং আনসার ভূমিকায় সানা জাভেদ।

আনসার জীবন একটি বিকৃত ও এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে পড়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়ে। এ ঘটনায় আনাসের প্রতিশোধপরায়ণ এক কাজিন জড়িত। পরে আনাস কারাগারে গেলে তাকে মুক্ত করতে সাহসী ভূমিকা নেয় আনসা।

মৃত্যুর আগে নাটকটির চিত্রনাট্য লিখেছিলেন সায়রা রাজা। ডিপফেক প্রযুক্তির অপব্যবহার এবং ব্যক্তিগত জীবনে এর ভয়াবহ প্রভাব নাটকটির অন্যতম প্রধান বিষয়।

বদলে যাচ্ছে পাকিস্তানি নাটকের গল্প

গালফ নিউজের তালিকায় থাকা আটটি নাটকের গল্পে যেমন প্রেম ও পারিবারিক সম্পর্কের প্রাধান্য রয়েছে, তেমনি উঠে এসেছে ধর্ষণ, বিচারব্যবস্থা, সাইবার অপরাধ, ডিপফেক ও নারীর সামাজিক অবস্থানের মতো বিষয়। বিশেষ করে ‘দার-ই-নাজাত’-এর বিপুল দর্শকপ্রিয়তা এবং অন্যান্য নাটকের সামাজিক প্রেক্ষাপট তুলে ধরছে পাকিস্তানি টেলিভিশন নাটকের বৈচিত্র্য।

(সূত্র: গালফ নিউজ)

/এনএ 

Logo