×
Logo

বিনোদন

সঞ্জীব চৌধুরী: নষ্ট শহরে এক স্বপ্নবাজ মাস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

সঞ্জীব চৌধুরী: নষ্ট শহরে এক স্বপ্নবাজ মাস্তান

আল মাহফুজ ⚫

'আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানে না, না জানে আড়াল
জানে কান্নার রঙ
জানে জোছনার ছায়া..
'

যে থাকে হৃদয়ের অন্দরে, তার নামে গড়ে ওঠে মুগ্ধকর বন্দর। অশ্রুবিন্দু ছাড়া সেখানে পৌঁছানো দায়। কোথাও কেউ নেই। তবু সেই নাম ধরে অজস্র রাতের বাড়ি ফেরা, ভুল দরোজায় কড়া নাড়া। তার নাম জানে জোছনার আভা, হলুদাভ চোট। তার নাম জানে শাদা বক হতে চাওয়া একজন স্বপ্নবাজ। সেই নামের বুনন বুকপকেটে পরম যত্নে পুষে রেখেছিলেন তিনি। কাউকে বলেননি, বোধহয় বলতে নেই।

সঞ্জীব চৌধুরীর নাম প্রথম শুনি 'এই নষ্ট শহরে নাম না জানা যেকোনো মাস্তান' গানের মাধ্যমে। একটা সময় বাংলাদেশে পাড়াভিত্তিক মাস্তানির চল ছিল (এখনও আছে তবে কম)। সবাই জানতো, মাস্তান 'মন্দ ছেলে' তবু মহল্লার ছোটখাটো সমস্যা কিংবা ক্লাব টুর্নামেন্টের জন্য তার কাছেই হাজির হতো। সেই রাজা-উজির মারা মাস্তানের জীবনেও তো প্রেম আসে, যুদ্ধ আসে। তার চিঠির ব্যাকরণ নিয়ে গান বেঁধেছিলেন কবি ফরহাদ মজহার। সেই গান সঞ্জীবের কণ্ঠের ঢেউয়ে আছড়ে পড়ে দিগঞ্চলে। ঝাঁকড়া চুলের সঞ্জীব নিজেই যেন হয়ে ওঠেন 'স্বপ্নবাজ' এক মাস্তান।

সেই থেকে সঞ্জীব চৌধুরী হয়ে গেলেন সঞ্জীব দা'। সেই থেকে ঘ্রাণ নেয়া 'দলছুট' নামক গন্ধরাজের। ডানা ভাঙা শালিক, স্বপ্নবাজির পাখি। রঙিলা পালে আউলা বাতাস। বয়স সাতাশের ধর্ম। চোখ অন্ধ করে দেয়া চাঁদ। বায়োস্কোপের বাক্সে আগুনের কথা। সমুদ্র স্নানে নষ্ট শহর। ফুলের বুকে ধুতুরার ঘ্রাণ। তারপর? ছুঁয়ে কান্নার রঙ.. ছুঁয়ে জোছনার ছায়া..

'মহীনের ঘোড়াগুলি'র প্রভাব যেমন পশ্চিমবঙ্গের পরবর্তী ব্যান্ডগুলোর ওপর পড়েছিল, বাংলাদেশে কি সঞ্জীব চৌধুরী তেমন ছিলেন? এই ভূখণ্ডে আধুনিক বাংলা গানের পালাবদল ঘটেছে কি তার হাত ধরে? এ বিষয়ে তর্কের অবকাশ থাকলেও বলা যায়– বাংলাদেশে সঞ্জীব চৌধুরী বা তার গানের বিপুল প্রভাব। এই প্রভাব ধ্রুবতারার মতো প্রজন্মকে পথ দেখায়।

বাংলাদেশে কয়েক দশক আগেও 'সিংগার-সং রাইটার'রা (নিজের লিরিকে নিজেই সুর বেঁধে সেটি কণ্ঠে তোলেন যারা) ছিল বিরলপ্রজ। বাংলাদেশে আধুনিক গানে সঞ্জীব চৌধুরী দেখালেন, সিংগার-সং রাইটাররা কেমন হয়। তার আগে ছিলেন মাকসুদুল হক, তবে সেটা ব্যান্ড মিউজিকে। ছিলেন সাহেদ-তরুণ মুন্সীরা, তবে তারা সঞ্জীবের মতো প্রভাব রাখতে পারেননি।

সঞ্জীব চৌধুরীর প্রয়াণদিবস আজ, টিএসসিতে সঞ্জীবসন্ধ্যায় গাইবেন যাঁরা |  প্রথম আলো
সঞ্জীব চৌধুরী (২৫ ডিসেম্বর ১৯৬৪– ১৯ নভেম্বর ২০০৭)

সঞ্জীব নিজে যেমন লিখেছেন, সমকালীন কবিদের কবিতাও গানে রূপান্তর করেছেন। ফরহাদ মজহারের কথা তো আগেই বলা হয়েছে। কামরুজ্জামান কামু, টোকন ঠাকুর, সাজ্জাদ শরিফ, আনিসুল হক, মোস্তফা জামান, জাফর আহমদ রাশেদ, শুভাশিস সিনহা প্রমুখ কবিদের কবিতা ঝংকার হয়ে উঠেছে এই সব্যসাচীর সুরে।

সঞ্জীব চৌধুরীর গানের গলা নিয়ে উচ্চবাচ্য করার কিছু নেই কিন্তু তার তালিম, মিউজিক বিষয়ক বোঝাপড়া ছিল অত্যন্ত উঁচু স্তরের। তার লিরিক বাছাই প্রশংসার দাবিদার। সেগুলো টিপিক্যাল ছান্দসিক লিরিক নয়। বাণীর প্রথাগত মিটারে বসানো যায় না কিন্তু সেই গানই তার গলায় বারুদ হয়ে বেরোয়। কখনও সখনও মোলায়েমভাবে মরমিবাদের খাঁচা ভাঙ্গে। কখনোবা প্রেমের জিগির তুলে ছল ভাঙ্গে ঘাই হরিণীর।

সঞ্জীব শুধু একজন শিল্পী নয়, একটা প্রতিবাদী কণ্ঠস্বর। একজন স্বপ্নবাজ কিংবা তার চেয়েও বেশি কিছু। ক্ষমতার গদির পোষ্য ক্যাডারদের চোখে আঙ্গুল তাক করে চিৎকার করতে পারেন যিনি, তিনি সঞ্জীব। টিএসসির সামনে বুক উঁচু করে দাঁড়িয়ে কর্নেল তাহেরের খুনির নাম যিনি জানতে চান, তিনি সঞ্জীব। পুলিশ কর্তৃক ধর্ষিত ও নিহত কিশোরী ইয়াসমিন আক্তারকে নিয়ে গান বেঁধে আকাশ-বাতাস কাঁপিয়ে তোলেন যিনি, তিনিই সঞ্জীব। এখন যারা পথে ঘুরে ঘুরে স্বপ্নের কথা জানাতে চান, তারা সাহস সঞ্চার করেছিলেন এই বোহেমিয়ান জাদুকরকে দেখেই।

অনেকেই মনে করেন, সঞ্জীব চৌধুরী-বাপ্পা মজুমদারের যুগলবন্দী (‘দলছুট’) এখনও বহাল থাকলে এর প্রভাব হতো সুদূর প্রসারী। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। সঞ্জীব আগুনের ফুলকির মতো এসেছিলেন। চলে গেছেন জোনাকির মতো আলো জ্বেলে, কাউকে কিছু না বলে (১৯ নভেম্বর ২০০৭)। দলছুট হওয়া সেই ফুলকির আঁচ যারা পেয়েছে, তারাই এখন বুকে লালন করছে সঞ্জীবনী ধারা। মারজুক রাসেল, বাপ্পা মজুমদার, জয় শাহরিয়ার, মুয়ীয মাহফুজ থেকে এই প্রজন্মের শুভ-সভ্যতা; সবার কাছেই 'সঞ্জীব' যেন শাখাপ্রশাখা বিস্তৃত বিশাল এক মহীরুহ।

রুহের হিম হাওয়ায় কিংবা নিউরনের কম্পার্টমেন্টে রোজ আসন গাড়েন যারা, তাদের একজন সঞ্জীব চৌধুরী। জীবনের সূর্যমুখী সময়ে আমার আমিতে তাকে আবিষ্কার করি কিন্তু ততোদিনে পাগল রাগ করে চলে গেছে। আমি ঢাকা শহরের রাস্তাঘাটে হাঁটি আর এখনও হাহাশুন্য বুক নিয়ে সঞ্জীব দা'কে খুঁজে বেড়াই। তার লিরিক-সুর-ধ্বনি, তার বুক ভরা সাহস; সবমিলিয়েই সঞ্জীব এক অনন্য সত্তার দর্পণ।

সঞ্জীব মানে সত্য উচ্চারণ। সঞ্জীব মানে ফিনিক্স পাখি। সঞ্জীব মানে বিষণ্ণ পালকের প্রতিষেধক। এই তুড়ির তালে নাচতে থাকার নাম সঞ্জীব নয়। এই মরে মরে বেঁচে থাকার নাম সঞ্জীব নয়।

'ঐ কান্না ভেজা আকাশ আমার ভালো লাগে না
থমকে থাকা বাতাস আমার ভালো লাগে না
তুড়ির তালে নাচতে আমার ভালো লাগে না
এই মরে মরে বেঁচে থাকা ভালো লাগে না..
' 



Logo