জনপ্রিয় তারকা বলেই জেমস বন্ড হিসেবে প্যাটিনসনকে নিয়ে আপত্তি ছিল বেজোসের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
ব্যাটম্যান’ ও ‘টোয়াইলাইট’ সিরিজের মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের কারণে রবার্ট প্যাটিনসন আগে থেকেই অনেক পরিচিত। আর এ কারণেই শুরুতে তাকে নতুন জেমস বন্ড হিসেবে নির্বাচনের বিষয়ে আপত্তি ছিল অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের। তবে, অডিশনে প্যাটিনসনের অভিনয় দেখার পর তার মত বদলে যায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সেমাফোর সিলিকন ভ্যালি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বেজোস বলেন, শুরুতে প্যাটিনসনকে নিয়ে তার কিছুটা দ্বিধা ছিল। কারণ, সাধারণত জেমস বন্ডের চরিত্রে এমন অভিনেতাদের নেওয়া হয়, যারা নির্বাচনের সময় খুব বেশি পরিচিত নন। কিন্তু অডিশনে প্যাটিনসনকে দেখার পর স্পষ্ট হয়ে যাই, তিনিই বন্ড চরিত্রের জন্য উপযুক্ত।
নতুন জেমস বন্ড নির্বাচনের প্রক্রিয়ায় নিজের ‘বড় ভূমিকা’ ছিল বলেও জানান তিনি।
বেজোস জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া খুব সতর্কতার সঙ্গে পরিচালনা করা হয়েছে। শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, মোট পাঁচজন অভিনেতা চূড়ান্ত তালিকায় ছিলেন। তাদের নিয়ে পুরোনো দিনের প্রচলিত পদ্ধতিতে অডিশন নেওয়া হয়। প্রত্যেককে পূর্ণ পোশাক, বাস্তব সেট এবং অন্য অভিনেতাদের সঙ্গে তিনটি আলাদা দৃশ্যে অভিনয় করতে হয়।
বেজোস আরও বলেন, চূড়ান্ত পাঁচজনই অসাধারণ ছিলেন। তবে, রবের অভিনয় ও তার মধ্যে বিশেষ কিছু ছিল। বিষয়টি নিয়ে আর কোনো বিতর্কের সুযোগ ছিল না। পরিচালক ডেনিস ভিলনুভসহ আমরা সবাই রবের দিকেই ঝুঁকেছিলাম।
সোমবার (১৬ নভেম্বর) জেমস বন্ড সিরিজের সপ্তম অভিনেতা হিসেবে প্যাটিনসনের নাম ঘোষণা করা হয়। তিনি ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২৮ সালে মুক্তির জন্য নির্ধারিত বন্ড সিরিজের ২৬তম সিনেমায় অভিনয় করবেন তিনি।
লন্ডনে জন্ম নেওয়া প্যাটিনসন এক বিবৃতিতে বলেন, জেমস বন্ড চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের।
তথ্যসূত্র: বিবিসি
/এএন