জিটিএ শুধু একটি গেম নয়, বরং এক প্রজন্মের শৈশব-আবেগের টাইম ট্রাভে্ল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম
বাঁধন চৌধুরী:
একটা সময় ছিল, যখন স্কুল থেকে ফিরে কিংবা টিফিন টাইমে স্কুল পালিয়ে আর যদি ছুটির দিন হয় তাহলে তো ঈদের ওপর শুক্রবার। কেন? উত্তর একটাই, একা নাহলে বন্ধু গ্যাংয়ের সাথে কম্পিউটারের সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা পার করা। উদ্দেশ্য একটাই। খেলতে হবে একটি গেইম।
কখনো সাইকেল নিয়ে শহর ঘুরে বেড়ানো, কখনো গাড়ি চুরি করে পুলিশের হাত থেকে পালানো, আবার কখনো নিজের মতো করে তৈরি করা ভার্চুয়াল এক জগতে হারিয়ে যাওয়া। সেই গেমটির নাম 'Grand Theft Auto' (GTA)।
২০০০ সালের শুরুর দিকে, যারা, 'GTA Vice City' কিংবা 'GTA San Andreas' খেলেছেন, তাদের অনেকের কাছেই এটি শুধু একটি ভিডিও গেম নয়; বরং শৈশবের অসংখ্য স্মৃতির অংশ।
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর, এবার আসছে সিরিজটির নতুন সংস্করণ 'Grand Theft Auto VI' বা GTA 6। আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার, মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই গেম। তবে, নতুন এই গেমকে ঘিরে উত্তেজনার পেছনে শুধু উন্নত গ্রাফিক্স কিংবা নতুন গেমপ্লে নয়, কাজ করছে কয়েক প্রজন্মের জমে থাকা আবেগও।
২০০২ সালে মুক্তি পাওয়া 'GTA Vice City' ছিল আরেক আবেগের নাম। নব্বইয়ের দশকের মায়ামি শহরের আদলে তৈরি এই গেমের নিয়ন আলো, সমুদ্রসৈকত, গাড়ি, রেডিওতে বাজতে থাকা গান আর টমি ভারসেট্টির গল্প—সব মিলিয়ে তৈরি হয়েছিল এক অন্যরকম অভিজ্ঞতা।
এরপর ২০০৪ সালে GTA San Andreas। কার্ল জনসনের, অর্থাৎ CJ-এর গল্প, Grove Street, BMX সাইকেল, গাড়ি চালানো, নিজের চরিত্রকে নিজের মতো সাজানো—সবকিছুই গেমটিকে আরও বেশি জনপ্রিয় করে তোলে | এরপর ২০০৮ সালে, 'GTA IV' এবং ২০১৩ সালে 'GTA V' মুক্তির মধ্য দিয়ে সিরিজটি আরও আধুনিক হয়েছে।
বিশেষকরে, GTA V-এর বিশাল উন্মুক্ত পৃথিবী এবং GTA Online-এর মাধ্যমে বন্ধুদের সঙ্গে একসঙ্গে খেলার অভিজ্ঞতা গেমটিকে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় করে তোলে । ২০১৩ সালে 'GTA V' মুক্তির পর কেটে গেছে ১৩ বছর। এই সময়ের মধ্যে বদলে গেছে প্রযুক্তি, বদলে গেছে গেমিংয়ের ধরন, এমনকি বদলে গেছে গেমারদের জীবনও।
যারা 'GTA San Andreas' খেলার সময় স্কুলে পড়তেন, তাদের অনেকেই এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিজীবী কিংবা নিজের পরিবার নিয়ে ব্যস্ত। একটা সময় যে গেমের জন্য বন্ধুদের সঙ্গে ঝগড়া হতো, আজ সেই গেমের নতুন সংস্করণের অপেক্ষায় তারা আবারও এক জায়গায়।
এ কারণেই 'GTA 6'-এর প্রতি আগ্রহকে শুধু নতুন একটি গেমের জনপ্রিয়তা দিয়ে ব্যাখ্যা করা কঠিন। এটি অনেকের কাছে পুরোনো দিনের সঙ্গে নতুন করে সংযোগ তৈরি করার একটি উপলক্ষ। 'Rockstar Games'-এর তৈরি 'GTA 6'-এর গল্পের পটভূমি, যুক্তরাষ্ট্রের কাল্পনিক অঙ্গরাজ্য, Leonida। এর কেন্দ্রীয় শহর Vice City, যা বাস্তবের ফ্লোরিডা-মায়ামি শহর থেকে অনুপ্রাণিত।
গেমটির প্রধান দুই চরিত্র Jason Duval এবং Lucia Caminos। তাদের সম্পর্ক, অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়া এবং একটি বড় ষড়যন্ত্রের মধ্যে টিকে থাকার গল্পকে কেন্দ্র করেই এগোবে গেমের কাহিনি।
তবে, এবার, বিশেষভাবে আলোচনায় এসেছে Lucia। GTA সিরিজের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী চরিত্রকে মূল দুই প্রধান চরিত্রের একজন হিসেবে সামনে আনা হয়েছে।
GTA সিরিজের জনপ্রিয়তা শুধু গেমারদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এপির তথ্য অনুযায়ী, ১৯৯৭ সালে যাত্রা শুরু করা এই ফ্র্যাঞ্চাইজির গেম বিক্রি ৪৭ কোটিরও বেশি। এর মধ্যে 'GTA V' একাই বিক্রি হয়েছে ২৩ কোটিরও বেশি কপি।
এবার 'GTA 6' মুক্তি পাচ্ছে, ১৯ নভেম্বর, বৃহস্পতিবার। গেমটি প্রথম পর্যায়ে পাওয়া যাবে PlayStation 5 এবং Xbox Series XS-এ। তবে PC সংস্করণের মুক্তির তারিখ এখনো Rockstar আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
গেমটির দুটি সংস্করণ রয়েছে—Standard Edition এবং Ultimate Edition। পাশাপাশি, গেমটির ডিজিটাল ও ফিজিক্যাল সংস্করণও রয়েছে। তবে ফিজিক্যাল সংস্করণের বাক্সে ডিস্কের পরিবর্তে ডাউনলোড কোড থাকবে বলে জানিয়েছে Rockstar।
এত দীর্ঘ অপেক্ষার পর গেমটি কতটা প্রত্যাশা পূরণ করতে পারে, সেটিই এখন গেমারদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন।
/এআই