সঞ্জীব স্মরণে ঢাকায় ট্রিবিউট কনসার্ট 'হেঁটে গেছি বিরান পথে'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হাতেগোনা যে কজন তাদের লিরিক-সুর বা কণ্ঠ দিয়ে বাংলা গানের জগতে অমর হয়ে আছেন, তাদের একজন সঞ্জীব চৌধুরী। তিনি শুধু কিছু জনপ্রিয় গানই উপহার দেননি, বরং বাংলা গানে সিংগার-সং রাইটারদের নতুন সংস্করণ ঘটিয়েছিলেন। সেই 'নষ্ট শহরের স্বপ্নবাজ মাস্তান'কে গভীর শ্রদ্ধায় স্মরণ করতে এ শহরে হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট। ‘হেঁটে গেছি বিরান পথে’ শিরোনামের এই আয়োজন বসবে আগামী শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে।
‘আজব কারখানা’র আয়োজনে এই মনোগ্রাহী আসরে সঞ্জীব চৌধুরীর গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন চার সিংগার-সং রাইটার সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস।
এর আগে, অঞ্জন দত্ত ও কবীর সুমনকে ট্রিবিউট জানিয়ে ‘একদিন বৃষ্টিতে বিকেলে..’ এবং ‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে’ নামে দুটি সফল আয়োজন করে আজব কারখানা। এবার তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পালা সঞ্জীব চৌধুরীর প্রতি। সঞ্জীবের সৃষ্টিকে শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তার ১৯তম প্রয়াণবার্ষিকীর পরদিন হবে এই বিশেষ আয়োজন।
কনসার্টের আর্লি বার্ড টিকিটের মূল্য ৭০০ টাকা এবং অন-স্পট টিকিটের মূল্য ১ হাজার টাকা। বিকাশের মেক পেমেন্টের মাধ্যমে ০১৫১১২৫৯৫২৫ অথবা ০১৩৩৯৭৬২১৭০ নম্বরে টিকিট কেনা যাবে। এক্ষেত্রে, রেফারেন্সে নিজের নাম ও অনুষ্ঠানের তারিখ লিখতে হবে।
সঞ্জীব চৌধুরীর গান মানেই স্বপ্নবাজির অরণ্য কিংবা আগুনের ফুলকি। সঞ্জীব নিজে যেমন লিখেছেন, সমকালীন কবিদের কবিতাও গানে রূপান্তর করেছেন। ফরহাদ মজহার, কামরুজ্জামান কামু, টোকন ঠাকুর, সাজ্জাদ শরিফ, আনিসুল হক, মোস্তফা জামান, জাফর আহমদ রাশেদ, শুভাশিস সিনহা প্রমুখ কবিদের কবিতা ঝংকার হয়ে উঠেছে তার সুরে।
'আমি তোমাকেই বলে দেব', 'আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ', 'নষ্ট শহরে', 'স্বপ্নবাজি', 'সমুদ্রসন্তান', 'বায়োস্কোপ', 'কথা বলব না' কিংবা 'হৃদয়ের দাবি'র মতো গানগুলো আজও বাংলা ভাষাভাষী মানুষের মুখে মুখে ফেরে।
নাগরিক যান্ত্রিকতার ভিড়ে বাংলা লোকগানকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে সঞ্জীব চৌধুরীর ভূমিকা ছিল অগ্রগণ্য। লোকজ সুরের সঙ্গে আধুনিক সংগীতের সংমিশ্রণে তার অবদান বিশেষভাবে স্মরণীয়।
/এএম