শাস্ত্রীয় সঙ্গীতের সুর, তাল ও লয়ের অপূর্ব সমন্বয়ে অনুষ্ঠিত হলো ‘রাগ অঞ্জলি ২০২৬’।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান।
শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং গুরু-শিষ্য পরম্পরায় সঙ্গীতচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানটি হয়ে ওঠে সুরের এক অনন্য মিলনমেলা।
অনুষ্ঠানের শুরু থেকেই একাডেমির শিক্ষার্থী ও শিক্ষকদের বেহালা, গিটার ও কণ্ঠসংগীতে একক ও দলীয় পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। নবীন ও অভিজ্ঞ শিল্পীদের পরিবেশনায় শাস্ত্রীয় সংগীতের সৌন্দর্য ও বৈচিত্র্য ফুটে ওঠে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক, বেহালাশিল্পী শ্যামল চক্রবর্ত্তীর রাগ মালকোষ পরিবেশনা। তার বেহালার সুরে রাগের গভীরতা, মাধুর্য ও নান্দনিকতা শ্রোতাদের মুগ্ধ করে এবং মিলনায়তনে সৃষ্টি হয় এক অনন্য সংগীতময় আবহ।
অনুষ্ঠানের বড় আকর্ষণ ছিল ৫২ জন বেহালা শিক্ষার্থীর অংশগ্রহণে সম্মিলিত বৃন্দবাদন (অর্কেস্ট্রা)। একসঙ্গে ৫২টি বেহালার সুরের অনবদ্য মেলবন্ধন অনুষ্ঠানে যোগ করে এক ভিন্নমাত্রা। বৃন্দবাদনের শুরুতে পরিবেশিত হয় শাস্ত্রীয় সংগীতের রাগ ভূপালি। এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ ও 'হীরক রাজার দেশে' চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ পরিবেশিত হয়। শাস্ত্রীয় রাগ, রবীন্দ্রসংগীত ও চলচ্চিত্রের কালজয়ী সুরের এই বৈচিত্র্যময় সম্মিলিত পরিবেশনা দর্শক-শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করে।
বৃন্দবাদনের সার্বিক নির্দেশনা ও পরিচালনায় ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শ্যামল চক্রবর্ত্তী। তার নির্দেশনায় ৫২ জন শিক্ষার্থীর সমন্বিত পরিবেশনা হয়ে ওঠে শৃঙ্খলা, সাধনা ও সুরের এক অনন্য দৃষ্টান্ত।
অনুষ্ঠানে তবলা সংগত করেন দেশের স্বনামধন্য তবলাশিল্পী সঞ্জীব মজুমদার ও তুষার কান্তি সরকার। তাদের তালসংগত প্রতিটি পরিবেশনাকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করে তোলে।
‘রাগ অঞ্জলি–২০২৬’ কেবল একটি সংগীতানুষ্ঠান নয় বরং নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিভা বিকাশ, শাস্ত্রীয় সংগীতের প্রসার এবং গুরু-শিষ্য পরম্পরার ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার এক প্রশংসনীয় প্রয়াস। বিশেষ করে ৫২ জন শিক্ষার্থীর সম্মিলিত বেহালাবাদন বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতচর্চায় তরুণ প্রজন্মের আগ্রহ, নিষ্ঠা ও সম্ভাবনার এক উজ্জ্বল প্রতিফলন।
ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশ ও সপ্তক শাস্ত্রীয় সংগীত পরিষদ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংগীতসন্ধ্যা শাস্ত্রীয় সংগীতের সৌন্দর্য ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরে দর্শক-শ্রোতাদের মনে এক স্মরণীয় অভিজ্ঞতার সৃষ্টি করে।
/এএম