মুক্তির পাঁচ দিনেই ৬৬৩ কোটি রুপি আয়, বক্স অফিসে ঝড় তুলছে ‘রামায়ণ’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম
মুক্তির মাত্র পাঁচ দিনেই বিশ্বজুড়ে ৬৬৩ কোটি রুপি আয় করেছে রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’। সোমবার (৯ নভেম্বর) পঞ্চম দিনে সিনেমাটির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্য দিয়ে ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘সুলতান’ ও ‘জেলার’-এর মতো ব্লকবাস্টার সিনেমার মোট আয়কেও ছাড়িয়ে গেছে এটি।
নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি গত ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায়। মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী আয় করে ১২৮ কোটি রুপি। প্রথম চার দিনের বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্ত শেষে সিনেমাটির আয় দাঁড়ায় ৫০০ কোটি রুপিতে। তবে, পঞ্চম দিনে এসে আয়ের গতি আরও বাড়ে।
ভারতে দিওয়ালির ছুটির প্রভাব পড়েছে সিনেমাটির বক্স অফিসে। সোমবার এক দিনেই দেশটির বাজারে ১০৭ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করেছে ‘রামায়ণ’। ফলে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৩৪৬ কোটি রুপি। গ্রস আয় ৪১৩ কোটি রুপি
দেশের বাইরেও বাড়ছে সিনেমাটির আয়। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে সনি পিকচার্স। বিশ্বজুড়ে প্রায় ৫৯ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। উত্তর আমেরিকায় প্রথম দিন আয় করেছে ১ কোটি ২২ লাখ ডলার। অন্যান্য আন্তর্জাতিক বাজারে আয় ১ কোটি ১০ লাখ ডলারের কিছু বেশি। সোমবার পর্যন্ত বিদেশের বাজারে মোট আয় দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ ডলারে।
সব মিলিয়ে পাঁচ দিনে বিশ্বব্যাপী ‘রামায়ণ’-এর গ্রস আয় ৬৬৩ কোটি রুপি। এদিকে, মঙ্গলবার (১০ নভেম্বর) ভাই দুজের ছুটি থাকায় ভারতে সিনেমাটির আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নামিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিও, ডিএনইজি ও যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘রামায়ণ’। দুই পর্বের সিনেমাটির প্রথম অংশে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে।
প্রথম পর্বের পর এবার দর্শকদের অপেক্ষা দ্বিতীয় পর্বের জন্য। সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৮ সালের দিওয়ালিতে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
/এএন