পরবর্তী জেমস বন্ড কে? দৌড়ে রবার্ট প্যাটিনসন, আলোচনায় আরও যেসব অভিনেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া যখন প্রায় শেষ পর্যায়ে, তখন নতুন করে আলোচনায় এসেছেন অভিনেতা রবার্ট প্যাটিনসন। হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবরের সপ্তাহান্তে লন্ডনে জেমস বন্ড চরিত্রের জন্য স্ক্রিন টেস্ট দিয়েছেন ৪০ বছর বয়সী এই অভিনেতা।
বর্তমানে একই শহরে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সিনেমার শুটিং করছেন প্যাটিনসন। এদিকে, একই চরিত্রের জন্য স্ক্রিন টেস্ট দিয়েছেন অভিনেতা নিকোলাস হল্টও।
এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যামাজন এমজিএম স্টুডিওস। তবে, তাদের এই নীরবতা জেমস বন্ড নির্বাচন নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে।
বিভিন্ন বিনোদনবিষয়ক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই দৌড়ে আলোচনায় আরও রয়েছেন জ্যাক লোডেন, ক্যালাম টার্নার ও জশ ও'কনর।
রবার্ট প্যাটিনসন সম্প্রতি বন্ড ২৬-এর পরিচালক ডেনিস ভিলনুভের সঙ্গে ‘ডিউন: পার্ট থ্রি’ সিনেমায় কাজ করেছেন। ‘টেনেট’ সিনেমায় তার চরিত্রের সঙ্গেও বন্ডের কিছু মিল রয়েছে বলে জানিয়েছে হলিউড রিপোর্টার। তবে, বর্তমানে ব্যাটম্যান চরিত্রে অভিনয় করায় সময়সূচি নিয়ে জটিলতা তৈরি হতে পারে।
অন্যদিকে, নিকোলাস হল্ট বর্তমানে ডিসি ইউনিভার্সে লেক্স লুথর চরিত্রে অভিনয় করছেন। জ্যাক লোডেন ‘স্লো হর্সেস’ এবং ক্যালাম টার্নার ‘মাস্টার্স অব দ্য এয়ার’ ও ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ এর জন্য পরিচিত। ‘দ্য ক্রাউন’ সিরিজে অভিনয়ের জন্য পুরস্কারজয়ী জশ ও'কনরও রয়েছেন আলোচনায়।
উল্লেখ্য, বন্ড ২৬ পরিচালনা করবেন ডেনিস ভিলনুভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ এর নির্মাতা স্টিভেন নাইট। প্রযোজনায় রয়েছেন অ্যামি পাসকাল ও ডেভিড হেইম্যান।
এর আগে, গত আগস্টে প্রযোজক অ্যামি পাসকাল জানিয়েছিলেন, বছরের শেষ দিকে নতুন বন্ডের নাম ঘোষণা হতে পারে। তবে এখনো সিনেমার নাম, মুক্তির তারিখ কিংবা প্রধান অভিনেতার নাম নিশ্চিত করা হয়নি।
তথ্যসূত্র: গালফ নিউজ
/এএন