×
Logo

বিনোদন

হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখার জাদুতে মুগ্ধতা প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। সম্প্রতি হুমায়ূন আহমেদের ‘নলিনী বাবু বিএসসি’ বইটি পড়া শেষ করেছেন তিনি। উপন্যাসটি পড়ে অনুপম লিখেছেন, হুমায়ূন আহমেদের লেখার দৃষ্টিভঙ্গি, রসবোধ ও বিজ্ঞান-কল্পবিজ্ঞানের মেলবন্ধন তাকে বারবার মুগ্ধ করে।

রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনুপম রায় লেখেন– হুমায়ূন আহমেদের লেখা পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। সদ্য শেষ করলাম 'নলিনী বাবু বিএসসি'। আরও একটা আশ্চর্য গল্প!

প্রয়াত এই কথাসাহিত্যিকের লেখার সঙ্গে নিজের আত্মিক সংযোগের কথা জানিয়ে অনুপম লেখেন– তার লেখার সঙ্গে এক গভীর আত্মীয়তা অনুভব করি। পৃথিবীটাকে দেখার তার দৃষ্টিভঙ্গি, অসাধারণ রসবোধ, আর বিজ্ঞান-কল্পবিজ্ঞানের অনায়াস মেলবন্ধন বারবার মুগ্ধ করে।

হুমায়ূনের সাহিত্যশৈলীর প্রশংসায় মেতে এই সিংগার-সং রাইটার পোস্টে যোগ করেন– গল্পটা একই সঙ্গে মন ভালো করে দেয়, আবার মন খারাপও করায়। হুমায়ূন আহমেদ পড়লে বাংলা আর বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়।

বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় স্রষ্টা হুমায়ূন আহমেদ শুধু কলম ধরেই ক্ষান্ত হননি; নাটক ও চলচ্চিত্র নির্মাণেও রেখে গেছেন অনন্য স্বাক্ষর। 

তিন শতাধিক প্রকাশিত বইয়ের এই লেখকের গল্পে ছোটপর্দায় তৈরি হয়েছে ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’-এর মতো আইকনিক সব নাটক। আর বড়পর্দায় উপহার দিয়েছেন ‘আগুনের পরশমনি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারি’ ও ‘ঘেটুপুত্র কমলা’-র মতো সিনেমা।

বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করা এই কিংবদন্তি ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।

অন্যদিকে, অনুপম রায় শুধু সংগীতশিল্পী নন, তিনি গীতিকার ও সুরকার হিসেবেও পরিচিত।

২০১০ সালে সৃজিত মুখার্জি পরিচালিত ‘অটোগ্রাফ’ সিনেমার মাধ্যমে সংগীতজগতে আবির্ভাব অনুপমের। সিনেমাটিতে তার গাওয়া ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত 'প্রাক্তন' সিনেমায় ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গীতিকারের স্বীকৃতিও পান এই শিল্পী।

/এএম 

Logo