×
Logo

বিনোদন

আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমনি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমনি

আদালতে জামিন নিতে এসে সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করে বিতর্কের জন্ম দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। 

উপস্থিত একাধিক সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেন এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও-তেও সেটি দেখা যায়।

পরীমনি যখন আদালত প্রাঙ্গণ ছাড়ার জন্য গাড়িতে উঠছিলেন, ঠিক তখনই তিনি এক সাংবাদিকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান। তাকে কিছুটা টেনে এনে বলেন, 'এই দিকে আয়। তুই আমার গায়ে কেন হাত দিছোস?' 

সাংবাদিক তখন বলেন,'গায়ে হাত দেইনি। আপনি আমার ট্রাইপড ভেঙে ফেলেছেন।' এর পরপরই নানা অশ্রাব্য শব্দ উচ্চারণ করতে থাকেন পরীমনি। 

সাংবাদিক 'আপা' সম্বোধন করে তার মোবাইল কেন টান দেওয়া হয়েছে জানতে চাইলেও পরীমনি 'তুই কেন গায়ে হাত দিসোছ' বলতে থাকেন। এ সময় তার দেহরক্ষীরাও সাংবাদিককে নানা বাক্যবাণে জর্জরিত করতে থাকেন। সঙ্গে গালাগালি চালান পরীমনি। একপর্যায়ে শান্ত করতে তাকে গাড়িতে তোলা হয়। 

এর আগে, তার দেহরক্ষীদের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। 

বিষয়টি নিয়ে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাতের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেছেন, ঘটনাগুলো তিনি দেখেননি। তবে এমন কিছু ঘটে থাকলে তা অনাকাঙ্ক্ষিত। আদালত প্রাঙ্গণে পুলিশের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমনটা ঘটতো না বলেও মনে করেন তিনি। 

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আজ আদালতে আত্মসমর্পণ করেন পরীমনি। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। 

/এমএমএইচ

Logo