×
Logo

বিনোদন

সান ফ্রান্সিসকোতে গোল্লাছুটের প্রথম প্রযোজনা ‘অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান’-এর সফল মঞ্চায়ন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

সান ফ্রান্সিসকোতে গোল্লাছুটের প্রথম প্রযোজনা ‘অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান’-এর সফল মঞ্চায়ন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ায় প্রবাসী বাঙালিদের নাট্যচর্চার নতুন যাত্রা শুরু হলো ‘গোল্লাছুট’-এর হাত ধরে। দলটির প্রথম প্রযোজনা বিশ্বখ্যাত ব্রিটিশ রহস্যসাহিত্যিক আগাথা ক্রিস্টির কালজয়ী রহস্যনাটক ‘অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান’ সফলভাবে মঞ্চস্থ হয়েছে। দীর্ঘ কয়েক মাসের প্রস্তুতি, নিয়মিত মহড়া এবং শিল্পী-কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় মঞ্চে আসা নাটকটি দর্শকদের প্রশংসা পেয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে অবস্থিত কাবারলি থিয়েটারে নাটকটির মঞ্চায়ন হয়। নির্দেশনায় ছিলেন হুসাইনুল আবেদিন সাইমুম। বে এরিয়ার প্রতিভাবান বাঙালি শিল্পী, সংস্কৃতিকর্মী ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগে নির্মিত এই প্রযোজনা দেখতে থিয়েটার হলজুড়ে উপস্থিত ছিলেন দর্শকরা। পুরো হলভর্তি দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করেন রহস্য ও নাটকীয়তায় ভরপুর পরিবেশনাটি।

নাটকের কাহিনির রহস্যময় আবহ, নাটকীয়তা এবং শিল্পীদের সাবলীল অভিনয়ের পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে এর আলোক পরিকল্পনা, শব্দ সংযোজন, মঞ্চসজ্জা, পোশাক ও রূপসজ্জা। অভিনয় থেকে শুরু করে নেপথ্যের কারিগরি আয়োজন—সব মিলিয়ে প্রযোজনাটির সামগ্রিক মান দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

নিয়মিত থিয়েটারচর্চার লক্ষ্য নিয়ে গড়ে ওঠা নাট্যসংগঠন ‘গোল্লাছুট’-এর এটি প্রথম প্রযোজনা। তবে একটি মঞ্চায়নেই থেমে থাকতে চায় না দলটি। প্রযোজনাটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে তাদের।

ভিন্ন ভিন্ন পেশা ও অভিজ্ঞতার মানুষকে একত্র করে পূর্ণাঙ্গ একটি মঞ্চ প্রযোজনা নির্মাণের মধ্য দিয়ে প্রবাসেও যে সমৃদ্ধ নাট্যচর্চার পরিবেশ গড়ে তোলা সম্ভব, তার উদাহরণ তৈরি করেছে গোল্লাছুট। নিয়মিত মহড়া, ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার মধ্যেও দলের সদস্যদের নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত মঞ্চে প্রাণ পেয়েছে নাটকটি।

এই প্রযোজনার সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা অভিনয়ের পাশাপাশি আলোক পরিকল্পনা, সংগীত, সেট ডিজাইন ও নির্মাণ, প্রপস, কস্টিউম, মেকআপসহ নেপথ্যের নানা কাজে অবদান রেখেছেন। একটি মঞ্চনাটককে পূর্ণাঙ্গ শিল্পরূপ দিতে এসব কাজের সমন্বয় যে কতটা গুরুত্বপূর্ণ, গোল্লাছুটের প্রথম প্রযোজনায় তা ফুটে উঠেছে।

নাটকটির সফল মঞ্চায়নে পরিচালক হুসাইনুল আবেদিন সাইমুমের পাশাপাশি জারিন টি. পুলাম, রাজা মিত্র, জো মিত্র, মাজহার ইসলাম এবং পুরো অভিনয়শিল্পী ও নেপথ্যকর্মী দলের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়া প্রযোজনার সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য অস্টিন থেকে ছুটে আসেন অভিনয়শিল্পী সাজু খাদেম। তাঁর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গোল্লাছুটের এই যাত্রা শুরুর অভিজ্ঞতা তুলে ধরে দলটির উদ্যোক্তা ও নাটকটির পরিচালক হুসাইনুল আবেদিন সাইমুম বলেন, ‘প্রবাসে যার যার পেশাগত ব্যস্ততার ভেতরে থিয়েটারে সময় দেওয়ার জন্য শিল্পী সংগ্রহ ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রোডাকশনটি করতে এসে দেখলাম, শিল্পমনা মানুষেরা যেন এমন একটি উদ্যোগেরই অপেক্ষায় ছিলেন। সে থেকেই গোল্লাছুটের জন্ম।’

তিনি আরও বলেন, ‘আমি বলব, সান ফ্রান্সিসকোর গোল্লাছুটের এটি মূলত যাত্রা শুরু মাত্র। আমরা এই প্ল্যাটফর্মের সঙ্গে বাংলাদেশকে ধারণ করে বয়ে নিয়ে যেতে চাই।’

গোল্লাছুটের প্রথম প্রযোজনার এই সাফল্য প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও নাট্যচর্চাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/এনএ 

Logo