×
Logo

বিনোদন

ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠকের অভিযোগ তুললেন রাশেদ, 'আজগুবি' বললেন পরওয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৬ পিএম

ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠকের অভিযোগ তুললেন রাশেদ, 'আজগুবি' বললেন পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতের উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ‘গোপন বৈঠক’ করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে, এই জামায়াত নেতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন– বৈঠকের তথ্য যদি মিথ্যা হয়, তবে মিয়া গোলাম পরওয়ার যেন তার বিরুদ্ধে মানহানির মামলা করেন।

সোমবার (২৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ কথা বলেন। 

পোস্টে তিনি লেখেন, ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের তথ্য যদি মিথ্যা হয়, তবে মিয়া গোলাম পরওয়ার যেন আমার বিরুদ্ধে মানহানির মামলা করেন। মিয়া গোলাম পরওয়ার এই বৈঠকে অংশগ্রহণ করতে কয়েকবার গাড়ি পরিবর্তন করেছেন। একটি দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা কেন চোরের মতো পালিয়ে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন?

রাশেদ খাঁন আরও লেখেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ার ও এটিএম মা’ছুমের বৈঠকের বিষয়টি নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সবার কাছে তথ্য রয়েছে। একটি ইসলামিক দলের নেতা হিসেবে তার উচিত হবে, বিষয়টি স্বীকার করে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জাতিকে খোলাসা করা।

পোস্টের শেষে তিনি যোগ করেন, নাকি জামায়াত এখন ‘বাঁচার জন্য মিথ্যা বলা জায়েজ’ এই থিউরি অবলম্বন করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে?

এর আগে, সোমবার দুপুরে ফেসবুকে দেওয়া আরেক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, গত ১৬ অক্টোবর রাজধানীর বারিধারায় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের ওই বৈঠক হয়।

বিষয়টি অস্বীকার করে গোলাম পরওয়ার এ দাবির পক্ষে প্রমাণ দিতে বলেছেন। বিবিসিকে তিনি বলেছেন– এটা পুরোপুরিভাব অসত্য ও আজগুবি একটা দাবি। এ ধরনের বৈঠক করার প্রশ্নই আসে না।

এরপর রাশেদ খাঁন তার দেওয়া তথ্য ‘শতভাগ সত্য’ বলে অন্য এক পোস্টে দাবি করেন।

/এএম

Logo