×
Logo

বিনোদন

চলে গেলেন তামিল প্লেব্যাক গায়ক কৃষ্ণরাজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম

চলে গেলেন তামিল প্লেব্যাক গায়ক কৃষ্ণরাজ

তামিল সিনেমার গানের জগতে আবারও শোকের ছায়া। প্রখ্যাত প্লেব্যাক গায়ক কৃষ্ণরাজ রামস্বামী মারা গেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতের চেন্নাইয়ে ৭৫ বছর বয়সে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর হিন্দুস্তান টাইমস'র।

সঙ্গীত পরিচালক দেবার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন কৃষ্ণরাজ। দেবার সুরে একাধিক জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। গত ১৭ অক্টোবর দেবার মৃত্যুর পাঁচ দিনের মাথায় কৃষ্ণরাজের প্রয়াণে শোক আরও গভীর হয়েছে তামিল চলচ্চিত্রের সংগীতাঙ্গনে। এর মধ্যে ২০ অক্টোবর মারা যান দেবার ভাতিজা অভিনেতা কার্তিক সাবেশও। 

কৃষ্ণরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা সি জোসেফ বিজয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কৃষ্ণরাজের স্বতন্ত্র কণ্ঠ ও প্রাণবন্ত গায়কিতে মুগ্ধ ছিলেন তার অসংখ্য ভক্ত। তার মৃত্যু তামিল চলচ্চিত্রের জন্য বড় ক্ষতি।

কৃষ্ণরাজের পরিবার, স্বজন, বন্ধু, চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও সঙ্গীতপ্রেমীদের প্রতি সমবেদনা জানান বিজয়।

গায়িকা চিন্ময়ী শ্রীপদও শোক প্রকাশ করেছেন। কৃষ্ণরাজের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, ‘হে ঈশ্বর! সত্যিই খুব কঠিন একটি সপ্তাহ।’

গায়িকা সুজাতা মোহনও শোক জানিয়েছেন। দেবার মৃত্যুর পরপরই কৃষ্ণরাজের প্রয়াণকে আরেকটি বড় ধাক্কা হিসেবে উল্লেখ করেন তিনি। সুজাতা বলেন, কৃষ্ণরাজ ছিলেন দেবার প্রিয় গায়ক, তার নিজেরও প্রিয় শিল্পীদের একজন। দেবার সুরে সুজাতা যেসব গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন, সেগুলোর অনেকটির কাজেই কৃষ্ণরাজ তত্ত্বাবধান করেছিলেন বলে জানান তিনি।

অভিনেতা আর সারাথকুমারও কৃষ্ণরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার কণ্ঠে গাওয়া বেশ কয়েকটি গানের কথা স্মরণ করে এই অভিনেতা বলেন, তামিল সিনেমার তিন শতাধিক গানে কৃষ্ণরাজের কণ্ঠ শোনা গেছে। তার কণ্ঠের আবেগ ও সমৃদ্ধি সংগীতপ্রেমীদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে। 

শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার আগে তাঁতশিল্পী হিসেবে কাজ করতেন কৃষ্ণরাজ। পাশাপাশি বাদ্যযন্ত্র বাজানো শেখেন এবং বিভিন্ন গানের দল ও ধর্মীয় অনুষ্ঠানে গান গাইতেন। চলচ্চিত্রে সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকা এই শিল্পীর প্রথম রেকর্ড করা গান ছিল ‘অধিকালাই সুবাভেলাই’ নামের একটি অপ্রকাশিত চলচ্চিত্রের জন্য। ওই ছবির সংগীত পরিচালক ছিলেন দেবা।

১৯৯০-এর দশকে কৃষ্ণরাজের পরিচিতি বাড়তে শুরু করে। দেবার সঙ্গে তার নিয়মিত কাজের সুবাদে একের পর এক জনপ্রিয় গান উপহার পান শ্রোতারা। ২০০০-এর দশকেও তাদের এই জুটি অব্যাহত ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার সকালে কৃষ্ণরাজের মরদেহ তার আদি শহর তামিলনাড়ুর সালেম জেলার ভেম্বাডিথালামে নেওয়া হবে। সেখানে ধর্মীয় রীতিনীতি মেনে সৎকার করা হবে শিল্পীকে।

/এমএমএইচ


Logo