'দেশু৭'
শুভশ্রীকে সঙ্গে নিয়ে দেবের 'অভিষেক' হচ্ছে কাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন দুর্গাপূজায় টালিগঞ্জে মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি ছবি। অ্যাকশন-রোমান্স, গোয়েন্দা, সাহিত্যসহ বৈচিত্রময় সব জনরার চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এই উৎসবকে কেন্দ্র করে। আর এই পূজাতে প্রথমবারের মতো ছবি নিয়ে আসছেন দেব। না, অভিনেতা পরিচয় তো তার রয়েছেই; নিজের পরিচালিত ছবি নিয়ে বড়পর্দায় আসছেন তিনি।
১৬ই অক্টোবর পূজার মহাষষ্ঠীতে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবির নাম 'দেশু৭'। অভিনেতার ৫০তম সিনেমাও এটি। তাই একইসঙ্গে অভিষেক ও হাফ সেঞ্চুরির স্বাদ পাচ্ছেন কলকাতার এ মেগাস্টার।
সিনেমাটিকে ঘিরে আগ্রহের একটি বড় কারণ দেব–শুভশ্রী জুটি। গত বছরের আগস্টে তাদের অভিনীত 'ধূমকেতু' মুক্তির পর আবারও এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় ভক্তকুল। গত ৮ অক্টোবর প্রকাশ পায় এর ট্রেলার।
এতে দেব ও শুভশ্রীর সঙ্গে আরও রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য। এই ছবির প্রযোজকও দেব। ফলে অভিনেতা, পরিচালক ও প্রযোজক— একসঙ্গে তিন ভূমিকায় দেবের জন্য এবারের পূজা বিশেষ তাৎপর্যপূর্ণ।
ছবিটির নাম ‘দেশু ৭’ রাখার পেছনে রয়েছে এক বিশেষ সমীকরণ— দেব এবং শুভশ্রীর অন-স্ক্রিন জুটির এটি সপ্তম সিনেমা। এপ্রিল মাসে দেব নিজেই এই ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন। একই সঙ্গে ছবিতে টালিউডের শক্তিমান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের যুক্ত হওয়ার খবর সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়।
উল্লেখ্য, এবারের পূজায় টলিউডে 'দেশু৭'-এর সঙ্গে পর্দায় লড়াইয়ে নামবে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ও ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। পরিচালক হিসেবে দেবের প্রথম বাজি টালিউডের বাণিজ্যিক সিনেমার রূপরেখা বদলে দিতে পারে কি না, তা দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
/এমএইচআর