দুর্গাপূজা সামনে রেখে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। সোমবার (১৩ অক্টোবর) কলকাতার সুচিত্রা মিউজিক থেকে গানটি প্রকাশিত হয়।
গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের নন্দিত গীতিকার ও সুরকার গৌতম ঘোষাল।
কলকাতার সুচিত্রা মিউজিক থেকে প্রকাশিত এটি ঐশিকা নদীর দ্বিতীয় গান। ২০২৪ সালে উদয় বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে ‘বন্ধুরে প্রাণ বন্ধুরে’ গানটি ছিল শুভমিতা ব্যানার্জির গাওয়া ‘যদি বন্ধু হও’ গানের সিক্যুয়েল।
গত দেড় দশক ধরে নদীর গান শ্রোতানন্দিত হয়েছে। কবি জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন, শামসুর রাহমান, আসাদ চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, রফিক আজাদ, সমুদ্র গুপ্ত, নাসির আহমেদ, সুমন সরদার প্রমুখ বাংলা ভাষার প্রখ্যাত কবিদের কবিতা থেকে এই শিল্পীর ‘কবিতার গান’ শীর্ষক অ্যালবাম প্রকাশিত হয় ২০১০ সালে।
অ্যালবামের কবিতাগুলো সুর করেন ঐশিকা নদীর পিতা সুরকার শাহীন সরদার।
প্রায় দেড় যুগ আগে সুধীমহলে কবিতার গান গেয়ে আলোড়ন তোলেন শিল্পী ঐশিকা নদী। তার ব্যতিক্রমী কণ্ঠের গায়কীর কারণে অ্যালবামের গানগুলো প্রশংসিত হয়। ঐশিকা বেতার ও টেলিভিশনেও গান করেন।
‘জল ধুয়ে দেয় গানের খাতা’ গানের সংগীত আয়োজনে ছিলেন পার্থ পাল। শব্দ প্রকৌশলে ছিলেন সঞ্জয় ঘোষ। ভিডিও পরিচালনা করেছেন স্থপতি শুভ ইসলাম।
/এএম