'হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে', কলকাতা থেকে সুমনের শুভকামনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। শুধু সংগীতশিল্পী বললে ভুল হবে, তিনি একজন গানওয়ালা অর্থাৎ সিংগার-সং রাইটার; যিনি নিজের লিরিকে নিজেই সুর বেঁধে সেটি কণ্ঠের মোহনায় বয়ে নিয়ে যান শ্রোতার কাছে।
বাংলাদেশের সঙ্গে কবীর সুমনের নিবিড় যোগাযোগ। বহুবার এই দেশে এসে গান করেছেন। শেষ জীবনটা ভালোবেসে এখানেই কাটাতে চান বলে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এবার এই পথিকৃৎ গানওয়ালাকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গানের আসর ‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে’। এটি সুমনেরই একটি জনপ্রিয় গানের লাইন।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর বনানীতে বাটারনোট জ্যাজ ক্যাফেতে সন্ধ্যা ৭টায় এটি অনুষ্ঠিত হবে। এতে সুমনকে শ্রদ্ধা জানিয়ে গাইবেন বাংলাদেশের তিন শিল্পী– অটামনাল মুন, রেজাউল করিম লিমন ও নাহিদ হাসান। আর এই আয়োজনের খবর পৌঁছেছে স্বয়ং কবীরের কাছে। তাই কলকাতা থেকেই জানালেন শুভকামনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওবার্তায় কবীর সুমন বলেন– মুন, লিমন, নাহিদরা আমাকে সম্মান জানিয়ে গান পরিবেশন করবেন। মনে হচ্ছে, তারা আমারই গান গাইবেন। কী বলব, ভেবে পাচ্ছি না। কেননা, এরকম ঘটনা তো খুব বেশি ঘটে না। আমার এখন ৭৮ বছর বয়স চলছে। এরকম ঘটনা খুব বেশি ঘটে না। যদি ঘটে, অবাক লাগে।
বিশেষ এই আসরের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি বলেন– আমি জানি, বাংলাদেশের অনেকেই আমার গান পছন্দ করেন, আমাকেও পছন্দ করেন। এদের সবার জন্য আমার সম্মান, ভালোবাসা, আদর রইলো। এবং বাংলাদেশের সবার জন্য রইলো প্রীতি, শুভেচ্ছা ও সালাম। এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক।
‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে’ সঞ্চালনা করবেন কবি ও বাচিক শিল্পী ফারহান আবিদ। আয়োজন করছে আজব কারখানা।
এ বিশেষ আসরে টিকিট থাকছে দুই ধরনের। অগ্রিম সংগ্রহ করলে টিকিটের দাম পড়বে ৭শ' টাকা (বিকাশ)। আর যারা অনুষ্ঠানের দিন 'অন স্পট' টিকিট কাটবেন, তাদের গুনতে হবে ১ হাজার টাকা।
টিকিট সংশ্লিষ্ট যাবতীয় তথ্য মিলবে আজব কারখানার ফেসবুক পেজে।
/এএম