জানুয়ারিতে আসছে ফেলুদা সিরিজের নতুন সিজন 'বাক্স রহস্য'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম
'বাক্স রহস্য' সিরিজে ফেলুদা'র ভূমিকায় থাকবেন টোটা রায় চৌধুরী
সত্যজিৎ রায়ের কালজয়ী গোয়েন্দা চরিত্র ফেলুদা, যার পুরো নাম প্রদোষ চন্দ্র মিত্র। এখন অবশ্য এই চরিত্র সিনেমাকে ছাপিয়ে দর্শকদের কাছে ওয়েব সিরিজ আকারেই বেশি জনপ্রিয়। লেখকের 'বাক্স রহস্য' গল্প অবলম্বনে আসন্ন নতুন সিজনটি পরিচালনা করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-তে আগামী জানুয়ারিতে এটি মুক্তি পাবে।
এটি মূলত 'ফেলুদার গোয়েন্দাগিরি' সিরিজের চতুর্থ সিজন। গত বছরের বড়দিনে মুক্তি পেয়েছিল এর তৃতীয় সিজন 'রয়েল বেঙ্গল রহস্য'।
আগের তিন সিজনের মতোই ফেলুদার ভূমিকায় থাকছেন টোটা রায় চৌধুরী। জটায়ুর চরিত্রে আর দেখা যাবে না অনির্বাণ চক্রবর্তীকে। তিনি নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন। অনির্বাণের মতে, 'একেনের চরিত্রের সঙ্গে কোথাও গিয়ে জটায়ুর চরিত্রের সংঘাত হচ্ছে। আমারও এখানে নতুন করে কিছু দেওয়ার নেই।' তার জায়গায় জটায়ুর চরিত্র করছেন শুভদীপ চক্রবর্তী। তোপসে হচ্ছেন কল্পন মিত্র।
এই সিরিজের প্রথম দুই সিজন পরিচালনা করেছিলেন সৃজিত মুখার্জি। 'দার্জিলিং জমজমাট' ও 'ভূস্বর্গ ভয়ঙ্কর' বেশ পছন্দ হয়েছিল দর্শকদের।
এছাড়া গত দুর্গাপূজায় 'আড্ডাটাইমস'-এ মুক্তি পেয়েছিল এই ওটিটির ফেলুদা সিরিজ 'ফেলুদা ফেরত'-এর দ্বিতীয় সিজন 'যত কাণ্ড কাঠমাণ্ডুতে'। এর প্রথম সিজনের নাম ছিল 'ছিন্নমস্তার অভিশাপ'।
উল্লেখ্য, এর আগে ১৯৯৬ সালে ‘বাক্স রহস্য’ গল্পে টেলিছবি বানিয়েছেন সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায়। পরে ২০০১ সালে ওই টেলিছবিই সিনেমারূপে বড়পর্দায় মুক্তি পায়। এতে ফেলুদা হয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী। আর উপন্যাসটি প্রকাশ হয়েছিল ১৯৭২ সালে।
/এমএইচআর