×
Logo

বিনোদন

নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম

নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় আয়োজন ‘নতুন কুঁড়ি ২০২৬’। প্রতিযোগিতায় অংশ নিতে আবেদনের প্রক্রিয়া শুরু হবে আজ ১ অক্টোবর থেকে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

সম্প্রতি বিটিভির ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে দেয়া হয়।

এতে জানানো হয়— ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাতসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হবে।

বয়স অনুযায়ী প্রতিযোগীদের দুটি শাখায় ভাগ করা হয়েছে। ‘ক’ শাখায় অংশ নিতে পারবে ৬ বছর থেকে ১১ বছরের নিচের শিশুরা। আর ‘খ’ শাখায় অংশ নিতে পারবে ১১ থেকে ১৫ বছর বয়সীরা।

আরও জানানো হয়, ক্বিরাত প্রতিযোগিতা একটি মাত্র শাখায় অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২ থেকে ১৭ বছর।

মূলত, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে শুরু হবে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই। এরপর বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব ও ফাইনাল প্রতিযোগিতা।

১৯৭৬ সালে বিটিভিতে যাত্রা শুরু করা ‘নতুন কুঁড়ি’ দেশের শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের অন্যতম পরিচিত মঞ্চ। এ আয়োজনের মধ্য দিয়ে গান, অভিনয়, নৃত্য ও আবৃত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পরিচিতি পেয়েছেন অনেকেই।

/এমএইচআর

Logo