শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, এরপর কী করবেন করণ জোহর?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ বন্ধ করার ঘোষণা দিয়েছেন বলিউড নির্মাতা ও উপস্থাপক করণ জোহর। আগামী ১৪ অক্টোবর জিওহটস্টারে শুরু হবে অনুষ্ঠানটির নবম ও শেষ মৌসুম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জিওহটস্টার প্রকাশিত এক আবেগঘন ভিডিওতে ৫৪ বছর বয়সী করণ জোহর নিজেই এ ঘোষণা দেন।
আর এই শেষ মৌসুমের প্রথম অতিথি হিসেবে সালমান খান থাকবেন বলে জানিয়েছে ভ্যারাইটি ইন্ডিয়া। আট মৌসুমে মোট ১৬১টি পর্ব প্রচারের পর অনুষ্ঠানটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন করণ। তার পরবর্তী লক্ষ্য আবারও পূর্ণ সময়ের জন্য চলচ্চিত্র নির্মাণে মনোযোগ দেওয়া।
ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে করণ বলেন, ‘কফি উইথ করণ’ তার বিনোদনজগতের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। তবে এখন নিজের অগ্রাধিকার বদলেছে।
করণ বলেন, ‘কফি উইথ করণ’ তার পরিচয়ের বড় একটি অংশ। ২২ বছর ধরে অনুষ্ঠানটি চলছে— এখন নবম মৌসুমে এসে তিনি নিজেও তা বিশ্বাস করতে পারছেন না।
এরপরের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, জীবনের পরবর্তী দশক আরও বেশি সিনেমা পরিচালনা এবং আরও অনেক গল্প বলার পেছনে ব্যয় করতে চান। তাই ভারাক্রান্ত মনেই এই মৌসুমকে অনুষ্ঠানের শেষ মৌসুম করার সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানটির সুনাম ও বিতর্কের প্রসঙ্গও তুলে ধরেন করণ। তার ভাষায়, কথোপকথন, খোলামেলা আলোচনা ও বিতর্কের সঙ্গে যে সোফাটি এতদিন ধরে পরিচিত ছিল, সেখানে এবারই শেষবার বসবেন তিনি। সিদ্ধান্তটি তার কাছে আবেগের ও ব্যক্তিগত। তবে দর্শকদের ভালোবাসায় তৈরি অনুষ্ঠানের সেই উত্তরাধিকার ভবিষ্যতেও মানুষের হৃদয়ে বেঁচে থাকবে বলে আশা করেন তিনি।
কোন সিনেমা দিয়ে ফিরছেন করণ?
১৯৯৮ সালে ‘কুচ কুচ হোতা হ্যায়’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেকের পর এখন পর্যন্ত সাতটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন করণ জোহর। তার পরিচালিত সিনেমার তালিকায় রয়েছে ‘কভি খুশি কভি গাম’, ‘কভি আলবিদা না কেহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।
রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পায় ২০২৩ সালে। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাকে।
তবে তার অষ্টম সিনেমার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের শুরুর দিকে পিঙ্কভিলাকে ইন্ডাস্ট্রির একটি সূত্র জানিয়েছিল, ‘কভি খুশি কভি গাম’-এর আদলে বড় পরিসরের একটি পারিবারিক গল্প নির্মাণ করতে যাচ্ছেন করণ। ২০২৬ সালের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।
সূত্রটির দাবি, এটি হবে উচ্চমাত্রার ফ্যামিলি ড্রামা, যেখানে থাকবে শক্তিশালী রোমান্টিক ও আবেগঘন গল্প। সিনেমাটিতে দুই পুরুষ ও দুই নারী প্রধান চরিত্র থাকার কথা রয়েছে। তবে এ প্রকল্প নিয়ে করণ জোহর আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
জুলাইয়ে পরিচালনায় ফেরার ইঙ্গিত অবশ্য নিজেই দিয়েছিলেন করণ। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তির তিন বছর পূর্তি উপলক্ষে শুটিংয়ের পেছনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি লিখেছিলেন, নিজের হৃদয়ের টানে আবার সেটে ফিরতে আর অপেক্ষা করতে পারছেন না।
পরিচালনার পাশাপাশি ধর্মা প্রোডাকশনসের নেতৃত্বও দিয়ে যাচ্ছেন করণ। ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা আর এন (রমেশ্বর নাথ) কাওকে নিয়ে একটি সিনেমা নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছে। সিনেমাটি ২০২৮ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।
যেভাবে শুরু হয়েছিল ‘কফি উইথ করণ’
শেষ মৌসুমের প্রচারমূলক ভিডিওতে অনুষ্ঠানটির শুরুর গল্পও তুলে ধরেছেন করণ। তিনি জানান, ২০০৪ সালের জুনে প্রয়াত বাবা ও চলচ্চিত্র নির্মাতা যশ জোহরকে বলেছিলেন, তিনি একটি টক শো উপস্থাপনা করতে চান। তখন তার বাবা প্রশ্ন করেছিলেন— বন্ধুদের সঙ্গে শুধু আড্ডা দেওয়ার জন্য তাকে কে টাকা দেবে?
২০০৪ সালের ১৬ আগস্ট প্রথম পর্বের শুটিং হয়। ওই বছরের শেষ দিকে স্টার ওয়ার্ল্ডে প্রচার শুরু হয় ‘কফি উইথ করণ’। প্রথম পর্বের অতিথি ছিলেন শাহরুখ খান ও কাজল। প্রথম মৌসুমে অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালিও অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন।
২০১৯ সাল পর্যন্ত স্টার ওয়ার্ল্ডে অনুষ্ঠানটির ছয়টি মৌসুম প্রচারিত হয়। এরপর সপ্তম ও অষ্টম মৌসুম স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলে যায়।
বিতর্কেও বারবার শিরোনামে এসেছে অনুষ্ঠানটি
‘কফি উইথ করণ’-এর আড্ডা অনেক সময় অনুষ্ঠান ছাপিয়ে সংবাদ শিরোনামেও উঠে এসেছে। পঞ্চম মৌসুমে অভিনেত্রী কঙ্গনা রানাউত করণ জোহরকে ‘স্বজনপ্রীতির পতাকাবাহক’ বলে মন্তব্য করেন। এরপর বলিউডে নেপোটিজম বা স্বজনপ্রীতি নিয়ে দীর্ঘ বিতর্ক শুরু হয়।
২০১৯ সালে ষষ্ঠ মৌসুমের একটি পর্বে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলে পর্বটি টেলিভিশনের পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকেও সরিয়ে নেওয়া হয়।
এর আগেও অনুষ্ঠানটি বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন করণ। ২০২২ সালে একবার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটি শেষ হওয়ার ইঙ্গিত দিয়ে পোস্ট করেছিলেন তিনি। পরে আবারও স্ট্রিমিং প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি ফেরার ঘোষণা দেওয়া হয়।
তবে এবার সিদ্ধান্তটি চূড়ান্ত বলে জানিয়েছেন করণ।
শেষ মৌসুমের প্রচারণায় তিনি বলেন, তাকে নিয়ে ট্রল, মন্তব্য ও বিভিন্ন পোস্ট হবে— এসবের জন্য তিনি প্রস্তুত। তবে সবকিছুর আড়ালেও ‘কফি উইথ করণ’-এর প্রতি দর্শকদের ভালোবাসা রয়েছে বলে বিশ্বাস করেন তিনি।
শেষবারের মতো সেই ‘কফি’র মগ হাতে নিয়ে দর্শকদের সঙ্গে থাকতে চান করণ। আর সেই শেষ মৌসুমের প্রথম পর্বেই একক অতিথি হিসেবে সালমান খান থাকবেন বলে জানিয়েছে ভ্যারাইটি ইন্ডিয়া।
/এনএ