ডিগার সিনেমায় ভিন্ন রূপে টম ক্রুজ: এবার গল্পেই বড় ঝুঁকি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
টম ক্রুজের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দুঃসাহসী সব দৃশ্য। উড়োজাহাজের গায়ে ঝুলে থাকা, পাহাড় থেকে মোটরবাইক নিয়ে লাফ দেওয়া; এমনসব ঝুঁকিপূর্ণ কাজ পর্দায় করতে অভ্যস্তভ তিনি। কিন্তু এবার ঝুঁকিটা একটু অন্যরকম। নতুন সিনেমা ‘ডিগার’-এ টম ক্রুজ এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যাকে তার আগের সিনেমার নায়কদের সঙ্গে মেলানো কঠিন।
সিনেমায় ক্রুজ টেক্সাসের তেল ব্যবসায়ী, ডিগার রকওয়েল। মাথায় টাক, চুলে পাক আর কিছুটা ভুঁড়িওয়ালা এই চরিত্রের জন্য ক্রুজের চেহারায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত ও সহ-লিখিত ‘ডিগার’ শুধু টম ক্রুজের সবচেয়ে অদ্ভুত সিনেমাই নয়, অনেকের বিবেচনায় এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে অদ্ভুত সিনেমাগুলোর একটি। তবে সিনেমাটি অদ্ভুত বলেই যে ব্যর্থ, তা নয়। ‘ডিগার’ আসলে এমন এক ব্যঙ্গাত্মক সিনেমা, যেখানে পরিবেশ সংকট, ক্ষমতা ও রাজনীতিকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে।
রকওয়েল এমন একটি চরিত্র যার নিজের ব্যবসা আর অর্থের বাইরে পরিবেশ নিয়ে খুব একটা আগ্রহ নেই। একদিন তার কোম্পানির এক কর্মী ফোন করে জানায়, আলাস্কায় তেল উত্তোলনের কারণে একটি হিমবাহ দুই ভাগ হয়ে গেছে। খবর শুনে রকওয়েল সমস্যার গুরুত্ব স্বীকার না করে বরং দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি নিজের কোম্পানি কত কর্মসংস্থান তৈরি করেছে, সেটিই তুলে ধরেন। কিন্তু এরপর পরিস্থিতি আর তার হাতে থাকে না।
সিনেমার এই পরিস্থিতি কয়েক বছর আগেও হয়তো অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতো। কিন্তু এখন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংকটের বাস্তবতার কারণে গল্পটি আগের চেয়ে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হতে পারে।
এদিকে, ইনারিতু একাধিক অস্কারজয়ী পরিচালক। আর তার ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমায় অভিনয় করে অস্কার জিতেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তাই অনেকে ধারণা করেছিলেন, টম ক্রুজও হয়তো অস্কার জয়ের লক্ষ্যেই এই সিনেমায় অভিনয় করেছেন। তবে ‘ডিগার’ সেই ধারণাকে খুব একটা সমর্থন করে না। কারণ পুরস্কার জয়ের লক্ষ্য থাকলে এতটা অদ্ভুত ও রাজনৈতিকভাবে সরাসরি সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত ক্রুজ নিতেন কি না, সেটিই প্রশ্ন।
‘ডিগার’ কোনো প্রচলিত দর্শকপ্রিয় সিনেমা নয়। বরং এটি এমন একটি সিনেমা, যেটি কারও খুব ভালো লাগতে পারে, আবার কারও একেবারেই ভালো নাও লাগতে পারে।
তথ্য সূত্র: বিবিসি
/এএন/এনজেএস