‘গ্যাংস অফ ওয়াসিপুর ২’ মুক্তির পর ২০০ স্ক্রিপ্ট ও ব্ল্যাঙ্ক চেক পেয়েও কেন ফিরিয়ে দিয়েছিলেন নওয়াজউদ্দিন?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসিপুর ২’ সিনেমার হাত ধরেই ক্যারিয়ারে বড় ধরণের পরিচিতি পান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সাফল্যের দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে এই অভিনেতা জানান, ওই ছবি মুক্তির পর তার কাছে অন্তত ২০০টি ছবির স্ক্রিপ্ট এসেছিল। তবে তাড়াহুড়ো করে পরের প্রজেক্টে হাত না দিয়ে তিনি সঠিক চরিত্রের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন এবং স্ক্রিপ্টগুলোর একটিও গ্রহণ করেননি।
এদিকে, সময়ের সাথে সাথে অভিনেতা বিনোদন ইন্ডাস্ট্রিতে নিজের একটি আলাদা স্থান তৈরি করে নিয়েছেন এবং বিভিন্ন চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
ছবিটির অভাবনীয় সাফল্যের পরবর্তী সময়টার কথা বলতে গিয়ে নওয়াজউদ্দিন বলেন, ‘গ্যাংস অফ ওয়াসিপুর ২’-এর মুক্তির পর আমার টেবিলে ব্ল্যাঙ্ক চেক পড়ে থাকত। লোকেরা বলত, 'এই নিন স্ক্রিপ্ট, আর এই নিন ব্ল্যাঙ্ক চেক। আপনার ইচ্ছামতো অঙ্ক লিখে নিন এবং আপনার সুবিধাজনক ডেটগুলো আমাদের দিয়ে দিন।'
তিনি বলেন, আমি ওই স্ক্রিপ্টগুলোর একটিও নেইনি, কারণ সেগুলোর একটাও আমার পছন্দ হয়নি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সঠিক চরিত্রটির জন্য অপেক্ষা করব। বছরের পর বছর কাজের জন্য অপেক্ষা করার অভ্যাস আমার আগে থেকেই ছিল, তাই তাড়াহুড়ো করে কোনো কিছুতে সই করার চেয়ে আমি আরও দুই-তিন বছর অপেক্ষা করা ভালো মনে করেছিলাম।
তবে কাঙ্ক্ষিত কাজের জন্য তাকে খুব বেশি দিন বসে থাকতে হয়নি, অল্প সময়ের মধ্যেই তার কাছে নতুন কাজের অফার আসতে শুরু করে। উল্লেখ্য, এই চলচ্চিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকী ফয়সাল খান চরিত্রে অভিনয় করেছিলেন। গল্পের শুরুতে তাকে কিছুটা উদাসীন ও লক্ষ্যহীন এক তরুণ হিসেবে উপস্থাপন করা হলেও, ব্যক্তিগত ক্ষতি ও বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে সে ধীরে ধীরে এক নৃশংস গ্যাংস্টারে রূপান্তরিত হন। পর্দায় তার এই তীব্র অভিনয়শৈলী পুরো ছবিটির অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছিল। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্যাংস অফ ওয়াসিপুর ২’-এ খান ও কুরেশি পরিবারের কয়েক দশক পুরোনো শত্রুতার গল্প তুলে ধরা হয় এবং এর চিত্রনাট্য, অভিনয় ও ধানবাদের অপরাধ জগতের বাস্তব চিত্রায়ণের জন্য এটি ব্যাপক প্রশংসা লাভ করে।
এদিকে, নওয়াজউদ্দিনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল গত ৮ মে মুক্তি পাওয়া ‘মেইন অ্যাক্টর নহি হুন’ সিনেমায়। ছবিটিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করলেও সমালোচকদের কাছ থেকে এটি কিছুটা মিশ্র ও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। তবে খুব শীঘ্রই তাকে দেখা যাবে বহুল আলোচিত ‘তুম্বাড ২’ সিনেমায়, যেখানে তার সাথে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া ভাটও।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালের অরিজিনাল ছবিটির তুলনায় বহু গুণ বড় পরিসরে নির্মিত হচ্ছে ‘তুম্বাড ২’। মুম্বাইতে প্রায় ৭ থেকে ৮ একর জায়গা জুড়ে বিশাল এক সেট নির্মাণ করা হয়েছে, যেখানে ছবির প্রথম ধাপের শুটিংয়ের স্বার্থে একেবারে আস্ত একটি শহর বানিয়ে ফেলা হয়েছে। প্রায় ১০০ কোটি রুপি বাজেটের এই সিক্যুয়েলটি হতে চলেছে বলিউডের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল হরর সিনেমা। পরিচালক আদেশ প্রসাদের পরিচালনায় গত ৭ এপ্রিল ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়। 'প্রলয় আয়েগা' ট্যাগলাইন নিয়ে আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের ৩ ডিসেম্বর রূপালী পর্দায় আসার কথা রয়েছে ছবিটির।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
/এএন