জেমসকে পেয়ে উচ্ছ্বসিত রূপম, ঢাকায় একসাথে ঘুরা হলো না— সেই গল্পও বললেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
দুই বাংলার দুই রক তারকা নগরবাউল জেমস ও ‘ফসিলস’ ব্যান্ডের রূপম ইসলাম গানে গানে দর্শক মাতাতে বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। দুইজনই পারফর্ম করবেন একই মঞ্চে।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তার আগে সিডনি পৌঁছে জেমসের সঙ্গে দেখা করেছেন রূপম ইসলাম। সাক্ষাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন রূপম ইসলাম। সেখানে নগরবাউলকে নিজের ‘গুরু’ অভিহিত করে একই মঞ্চে পারফর্ম করা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই তারকা। জেমসও কম যাননি, খুনসুটিতে মেতেছেন দু'জনই।
জেমসের প্রতি নিজের মুগ্ধতা ও শ্রদ্ধা প্রকাশ করে ফেসবুকে সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করেন রূপম ইসলাম। লিখেছেন, ‘জয় রক এবং জয় গুরু! আবার দ্যাখা হল। গানও হবে। সিডনি— আসছো তো সবাই?’
ভিডিও বার্তার শুরুতেই রূপম বলেন— আমার পাশে দাঁড়িয়ে আছেন মহাগুরু। ছোট বেলা থেকে যার গান শুনে, কী বলবো... অন্য আমেজ, শুধু আমরা না, আমার প্রজন্ম না, একটা গোটা দেশ, গোটা প্রজন্ম, একটা গোটা ভাষা...
জেমস ভাই আপনার পাশে যখন দাঁড়িয়েছি, কনসার্ট করেছি, সেটা একটা অন্য অভিজ্ঞতাই হয়েছে— যোগ করেন ওপার বাংলার এই রক তারকা।
এরপরই জেমন বলে ওঠেন— বহুদিন পর তোমার সাথে দেখা হয়েছে রূপম। ১০-১৫ বছর তো হয়ে গেল বোধয়।
তাদের সর্বশেষ দেখা কবে হয়েছে এ নিয়েও খুনসুটিও করতে দেখা যায়।
মজার স্মৃতিও মনে করিয়ে দেন রূপম। বাংলাদেশের রক তারকা জেমস নাকি রূপমকে বলেছিলেন, এই শিল্পী যখন ঢাকায় আসবে, যেন বলে। আর এলে নিজের গাড়িতে করে ঢাকা শহরে রূপমকে ঘুরাবেন জেমস। কিন্তু সেই ঘুরা যে এখনও আর হয়নি তা মজ্জাচ্ছলে তুলে ধরা হয় ভিডিও বার্তায়।
এ নিয়ে রূপম আরও যোগ করে বলেন, আত্মগোপনে করে মানুষ থাকেন তো। পাওয়া-ই যায় না...
জেমসের জবাব তখন— 'না' 'না'... এবার সময় পাওয়া যাচ্ছে, কথা হবে, ঘোরা হবে। রুপমকে অনেকদিন পর দেখে.... (হাসি)
জেমসের হাসি নিয়েও মজা করেন রূপম। তিনি বলেন, এটা একটা রেকর্ড। কথিত আছে যে, মহাগুরু তেমন হাসেন না। কিন্তু আমাকে এত ভালোবাসে যে আমাকে দেখে হাসি থামে না....
এ সময় জেমসের কাছে আশীর্বাদও চান রূপম ইসলাম।
/এমএন