'দূরবীন' ব্যান্ডের গিটারিস্টকে ৩ দিনের মধ্যে দেশ ছাড়ার হুমকি, থানায় জিডি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম
ফাইল ছবি
রাজধানীর মোহাম্মদপুরে 'দূরবীন' ব্যান্ডের গিটারিস্ট শাওন বনিককে ফোন করে গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানায় জিডিটি করা হয়।
জিডিতে শাওন বনিক উল্লেখ করেন, 'দূরবীন' ব্যান্ডের গিটারিস্ট হিসেবে তিনি কর্মরত। সোমবার ভোর ৫টা ৩৭ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে ফোন করেন। এ সময় ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে তিন দিনের মধ্যে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বলেন।
জিডিতে এ গিটারিস্ট আরও উল্লেখ করেন, ওই সময়ের মধ্যে ভারতে চলে না গেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার আবেদন করেন শাওন বনিক।
এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল হাসান খানকে।
/এএম