শিল্পকলায় শুরু ৯ দিনব্যাপী ‘ঢাকা নাট্যোৎসব’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
ঢাকার ৪১৬ বছর উদযাপনের অংশ হিসেবে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা নাট্যোৎসব ২০২৬’। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই উৎসবে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন নাট্যদল।
নয় দিনব্যাপী এ উৎসবে প্রতিদিন একটি করে মোট নয়টি নাটক মঞ্চায়িত হবে। এ পর্বে গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হয় প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’। আজ সন্ধ্যায় প্রদর্শিত হবে লোক নাট্যদলের (বনানী) ‘কঞ্জুস’। মঙ্গলবার প্রদর্শিত হবে ঢাকা পদাতিকের ‘ট্রায়াল অব সূর্যসেন’।
এরপর ৯ সেপ্টেম্বর বাঁশরী রেপার্টরি দলের প্রযোজনায় কাজী নজরুল ইসলাম রচিত ‘আলেয়া’, ১০ সেপ্টেম্বর আরণ্যক নাট্যদলের ‘কোম্পানি’, ১১ সেপ্টেম্বর থিয়েটার আর্ট ইউনিটের ‘আমিনা সুন্দরী’, ১২ সেপ্টেম্বর তীরন্দাজ নাট্যদলের ‘কণ্ঠনালীতে সূর্য’, ১৩ সেপ্টেম্বর দৃষ্টিপাত নাট্যদলের ‘সে এক স্বপ্নের রাত’ এবং ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ থিয়েটারের ‘সী-মোরগ’ প্রদর্শিত হবে।
প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকের প্রদর্শনী হবে শিল্পকলার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। এছাড়া, বিকেল সাড়ে ৪টা থেকে থাকছে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে, গত আগস্টে ঢাকা নাট্যোৎসব ২০২৬-এর প্রথম পর্বের আয়োজন করা হয়। রাজধানীর সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম।
/এএম