বড় পর্দায় ‘মির্জাপুর: দ্য মুভি’
প্রথম দিনেই ২৫ কোটি রুপি আয়ের সম্ভাবনা, ছাড়াতে পারে ‘সাইয়ারা’ ও ‘আওয়ারাপন ২’ এর রেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ এবার আসছে বড় পর্দায়। তিনটি সিজন এবং প্রায় সাত বছর পর আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ‘মির্জাপুর: দ্য মুভি’ মুক্তি পেতে চলেছে। প্রথম দিনে ২৫ কোটি রুপি আয় করতে পারলে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ (২২ কোটি রুপি) এবং ‘আওয়ারাপন ২’ (২১.৫০ কোটি রুপি)-এর প্রথম দিনের আয়কে ছাপিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।
এদিকে ছবিটি ওয়েব সিরিজের প্রথম সিজনের সময়কার গল্পের সঙ্গে সমান্তরালভাবে এগোবে বলে জানা যাচ্ছে। কালীন ভাইয়ার চরিত্রে আবারও দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। এছাড়া, রয়েছেন আলি ফজল এবং দিব্যেন্দুও। এতে পুরনো জনপ্রিয় চরিত্রগুলোর পাশাপাশি নতুন চরিত্রও থাকবে।
মুক্তির কয়েক দিন আগেই ‘মির্জাপুর’-এর অগ্রিম বুকিং শুরু হয়েছে এবং মুক্তির তারিখ যত এগিয়ে আসছে, বুকিংয়ের গতিও বাড়ছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত ছবিটির প্রায় ১.৪ লাখ টিকিট বিক্রি হয়েছে। প্রথম দিনের জন্য আয় হয়েছে প্রায় ৪ কোটি রুপি। এই আয়ের প্রায় পুরোটাই এসেছে হিন্দি ভার্সন থেকে।
স্যাকনিল্ক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ছবিটি তেলুগু ডাব সংস্করণেও মুক্তি পাচ্ছে। তবে সেই সংস্করণে এখনও পর্যন্ত ১৫টি স্ক্রিনে মাত্র ৩৭২টি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে তারা।
এদিকে, টিকিটিং প্ল্যাটফর্ম বুকমাইশো-তে বৃহস্পতিবার সকালে ‘মির্জাপুর’ প্রতি ঘণ্টায় ২.৫ হাজারেরও বেশি টিকিট বিক্রি করছে।
যদিও অগ্রিম বুকিংয়ের সংখ্যা খুব বেশি নয়, তবুও ছবিটি নিয়ে ট্রেড মহল আশাবাদী। কারণ ‘মির্জাপুর’-এর জনপ্রিয়তা বিশেষ করে টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলিতে বেশি। এই ধরনের ছবিতে মুক্তির দিন স্পট বুকিং থেকে ভালো আয় হওয়ার সম্ভাবনা থাকে। এই বছরের শুরুতে প্রথম টিজার প্রকাশের পর থেকেই ‘মির্জাপুর’ ভালো ওপেনিং করবে বলে প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে গত কয়েক দিনে ছবিটিকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।
গত সপ্তাহে অধিকাংশ ট্রেড বিশেষজ্ঞ ছবিটির প্রথম দিনের আয় ১৮-২০ কোটি রুপি হবে বলে অনুমান করেছিলেন। এখন সেই পূর্বাভাস আরও বাড়ানো হচ্ছে। ‘মির্জাপুর: দ্য মুভি’ এখন ২২ কোটি রুপির বেশি দিয়ে ওপেন করতে পারে বলে ধারণা করছেন তারা। এমনকি অনেকেই প্রথম দিনেই দেশের বক্স অফিসে ছবিটির নেট আয় ২৫ কোটি রুপি ছুঁতে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন।
সাধারণত হিন্দিতে ২৫ কোটি বা তার বেশি প্রথম দিনের আয় নির্দিষ্ট কিছু প্যান-ইন্ডিয়া তারকার ছবির ক্ষেত্রেই দেখা যায়। তিন খান, অক্ষয় কুমার এবং হৃতিক রোশন ছাড়া খুব কম অভিনেতাই ধারাবাহিকভাবে এই ধরনের ওপেনিং দিতে পেরেছেন। ‘মির্জাপুর’ সফল হলে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল ও দিব্যেন্দুও সেই তালিকায় জায়গা করে নেবেন।
/এএন