×
Logo

বিনোদন

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, নিসচার তীব্র প্রতিবাদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৫১ এএম

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, নিসচার তীব্র প্রতিবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের প্রায় ১২০টি শাখার নেতাকর্মীরা।

নিসচার পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন জীবিত ও সুস্থ আছেন। অথচ কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাঁর মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। এতে তাঁর পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

নিসচার নেতারা বলেন, কোনো ব্যক্তির মৃত্যুসংবাদ প্রকাশের আগে পরিবার, স্বজন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তথ্য নিশ্চিত করা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। যাচাই ছাড়া একজন জীবিত মানুষকে মৃত ঘোষণা করা শুধু দায়িত্বহীনতা নয়, তাঁর সঙ্গে সংশ্লিষ্ট অসংখ্য মানুষের অনুভূতির প্রতিও অবমাননা।

নিসচার মহাসচিব লিটন এরশাদ বলেন, ‘সবার আগে সংবাদ’ প্রকাশের প্রতিযোগিতা কখনোই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। বিশেষ করে মৃত্যু, দুর্ঘটনা কিংবা অসুস্থতার মতো স্পর্শকাতর বিষয়ে অনুমান নির্ভর বা যাচাইহীন তথ্য প্রকাশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ইলিয়াস কাঞ্চন শুধু একজন জনপ্রিয় অভিনেতা নন, দীর্ঘদিন ধরে তিনি দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁকে নিয়ে মিথ্যা মৃত্যুসংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হতে পারে।

নিসচার নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ছড়িয়ে পড়া কোনো মৃত্যুসংবাদ যাচাই ছাড়া শেয়ার না করতে। নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নিশ্চিত হওয়ার পরই কোনো সংবাদ প্রচার বা শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব প্রথম কোথা থেকে ছড়ানো হয়েছে, তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নিসচা। ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করা হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সবশেষে ইলিয়াস কাঞ্চনের সুস্থতা, দীর্ঘায়ু ও সুন্দর জীবনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে নিসচা। সংগঠনটির নেতৃবৃন্দের বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ পরিবেশনে গুজব নয়, যাচাই করা সত্য তথ্যই গুরুত্ব পাওয়া উচিত।

/এমএইচআর

Logo