নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ। প্রতি বছর এই দিনে অগণিত ভক্ত-শ্রোতার ভালোবাসায় সিক্ত হন তিনি। তার অনিন্দ্য কণ্ঠ, গায়কি, আর সৃষ্টি নিয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসেন অনুরাগীরা। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশা করছেন ভক্তরা। তবে এই মুহূর্তে বেবী নাজনীনের কাছে তার জন্মদিন হয়ে উঠেছে বিষাদময়।
ব্ল্যাক ডায়মন্ডখ্যাত এই শিল্পী জানান, তার ছোট ভাই এস এ টিভির সাবেক বার্তা সম্পাদক এনাম সরকার এখন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন। গত কয়েক মাস ধরে রাজধানীর পিজি (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে চিকিৎসা চলছে। যা নিয়ে পরিবারের সবাই দুঃখ ভারাক্রান্ত মনে একেকটি প্রহর পার করে যাচ্ছেন।

বেবী নাজনীন আরও জানান, এমনিতেও ঘটা করে জন্মদিন পালন করা হয় না। আর এই মুহুর্তে এসব নিয়ে ভাবার অবকাশ নেই। বরং জন্মদিনে সবার কাছে একটাই চাওয়া, সবাই যেন তার ছোট ভাইয়ের সুস্থতায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
রাজনৈতিক কারণে দীর্ঘ ১৫ বছর দেশের বাইরে কাটাতে হয়েছে বেবী নাজনীনকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্ব পালনের কারণে বিগত সরকারের রোষানলে পড়েছিলেন তিনি। যার দরুণ নানা ভাবে তার পেশাগত কাজকর্ম বাধাগ্রস্ত হয়েছে।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন এবং পুনরায় রাজনৈতিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। পাশাপাশি যে সাংস্কৃতিক অঙ্গনে তিনি বঞ্চনার শিকার হয়েছেন, সেখানে স্থিতি ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, ব্ল্যাক ডায়মন্ড ও উত্তরবঙ্গের দোয়েলখ্যাত শিল্পী বেবী নাজনীনের সংগীত ক্যারিয়ার চার দশকের বেশি সময়ের। দীর্ঘ এই সংগীত সফরে তিনি টিভি, চলচ্চিত্র, বেতারসহ দেশ-বিদেশের মঞ্চে গান করে কুড়িয়েছেন অগণিত শ্রোতার ভালোবাসা। শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা।
অন্যদিকে, তার ছোট ভাই এনাম সরকার প্রায় তিন দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। সাপ্তাহিক পূর্ণিমা, দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইনকিলাবসহ আরও কয়েকটি পত্রিকায় জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে নিরলস কাজ করে গেছেন। সর্বশেষ তিনি এস এ টিভির সাবেক বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) সংগঠনের সভাপতি।
/এএন