প্রথমবারের মতো লন্ডনে একসঙ্গে গান শোনাবেন দুই বাংলার জনপ্রিয় দুই সিঙ্গার-সংরাইটার নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার। আগামী ২৩ আগস্ট লন্ডনের রয়াল রিজেন্সি মিলনায়তনে হবে এই কনসার্ট।
আয়োজকরা জানান, স্থানীয় সময় বিকেল ৩টায় দর্শকের জন্য কনসার্টের গেট খুলে দেওয়া হবে। ইতোমধ্যে অনলাইনে টিকেট বিক্রি শুরু হয়েছে, যার মূল্য যথাক্রমে ২০, ৪০ ও ১০০ পাউন্ড।
আইঅন টিভি আয়োজিত ‘মেগা কনসার্ট ২০২৬’-এর শিল্পী ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশের আজব কারখানা।
কনসার্ট নিয়ে জয় শাহরিয়ার বলেন, লন্ডনে প্রথমবারের মতো গাইব। নচিকেতার সাথে আগেও (ঢাকায়) এক মঞ্চে গাইবার অভিজ্ঞতা আছে। আশা করি, ভবিষ্যতে পৃথিবীর নানা শহরে আমরা পৌঁছে যাব আমাদের গান নিয়ে। লন্ডনের শ্রোতারা একটি সুন্দর গানের সন্ধ্যা পাবেন বলেই প্রত্যাশা করছি।
এ প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তীর বক্তব্য, জয় আমার স্নেহভাজন। ওর সাথে অডিও, মঞ্চ সব জায়গাতেই কাজ করেছি। আশা করি, এবার লন্ডনেও আমাদের গান সবার মন ছুঁয়ে যাবে।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রকাশিত হয় নচিকেতা ও জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম 'তথাগত', যেখানে জয়ের সুরে দুই শিল্পীর কণ্ঠে স্থান পায় ৭টি গান।
/এএম