রইদ-মাস্তুলসহ তিন দিনে ছয় সিনেমা, দেখা যাবে বিনামূল্যে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম
বড়পর্দায় ‘রইদ’, ‘মাস্তুল’, ‘জীবন থেকে নেয়া’সহ ছয়টি চলচ্চিত্র দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। তাও আবার বিনামূল্যে! তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
রাজধানীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘চলচ্চিত্র উৎসব: একাল-সেকাল’ শিরোনামের এ আয়োজন শুরু হবে ৯ আগস্ট, চলবে ১১ আগস্ট পর্যন্ত।
উৎসবের প্রথম দিন রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। একই দিন রাত ৮টায় প্রদর্শিত হবে জহির রায়হানের কালজয়ী সৃষ্টি ‘জীবন থেকে নেয়া’।
উৎসবের দ্বিতীয় দিন সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত চলচ্চিত্র ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় দর্শকরা দেখতে পারবেন মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাস্তুল’।
উৎসবের শেষ দিন মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে আমজাদ হোসেনের ‘দুই পয়সার আলতা’। সমাপনী আয়োজন হিসেবে রাত ৮টায় দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’– এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উৎসবটি বাস্তবায়নে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। পুরো আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।
/এএম