সালমানের প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা মামলা, আদালতে তলব
ডাকা হয়েছে বোন আলভিরাকেও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম
বলিউড অভিনেতা সালমান খানের প্রতিষ্ঠান 'বিয়িং হিউম্যান'-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে চণ্ডিগড় আদালতে মামলা দায়ের হয়েছে। এই মামলার প্রেক্ষিতে আদালত থেকে সালমান খানকে সমন পাঠানো হয়েছে। একই সঙ্গে তলব করা হয়েছে তার বোন আলভিরা খান আগ্নিহোত্রীকেও।
প্রায় দেড় দশক ধরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সালমান খানের বিপণন প্রতিষ্ঠান 'বিয়িং হিউম্যান'। করোনা মহামারির সময় হোক কিংবা দেশের যেকোনো দুর্যোগ, বরাবরই দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠান। তবে এবার সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধেই আইনি জটিলতায় পড়লেন সালমান খান।
অরুণ গুপ্ত নামে চণ্ডিগড়ের এক ব্যবসায়ী 'বিয়িং হিউম্যান'-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। তার দাবি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে দিয়ে জোরপূর্বক একটি গয়নার শোরুম খোলানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে সালমানের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি বলে অভিযোগ তার। এর ফলে কোটি কোটি রুপির আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তিনি।
অরুণের ভাষ্যমতে, শোরুম খুলতে তিনি ৩ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন। 'বিয়িং হিউম্যান'-এর জুয়েলারি বিক্রির লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান 'স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড'-এর সঙ্গে তার চুক্তি হয়েছিল। শোরুম প্রস্তুত করতেই খরচ হয়ে যায় ১ কোটি রুপি। এরপর বিক্রিও শুরু হয়। কিন্তু অভিযোগ অনুযায়ী, তিনি চুক্তির শর্ত পালন করলেও 'স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড' তাদের অংশের শর্ত মেনে কোনো সহায়তা করেনি।
এই পরিস্থিতিতে বাধ্য হয়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শোরুমটি বন্ধ করে দেন অরুণ। তার দাবি, এতে তার প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে।
সালমানের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, অরুণের সঙ্গে হওয়া চুক্তির সঙ্গে সালমানের সরাসরি কোনো সম্পর্ক ছিল না। তিনি শুধু 'স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড'কে ব্র্যান্ডের পণ্য বিক্রির লাইসেন্স দিয়েছিলেন মাত্র।
মামলাকারী অরুণের দাবি, রিয়েলিটি শো 'বিগ বস'-এর শুটিং চলাকালীন তার সঙ্গে সালমান খানের দেখা হয়েছিল। সে সময় শোরুম উদ্বোধনে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন এই বলিউড তারকা। তবে প্রতিশ্রুতি দিলেও কখনো শোরুমে যাননি সালমান বলে অভিযোগ তার। এই বিপুল আর্থিক ক্ষতির দায় কে নেবে—সে প্রশ্নও তুলেছেন অরুণ।
এ বিষয়ে সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আগামী ৫ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সালমান খান, তার বোন আলভিরা এবং 'স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড'-এর পরিচালকদেরও তলব করা হয়েছে চণ্ডিগড় আদালতের পক্ষ থেকে।
/এমএমএইচ