×
Logo

বিনোদন

একদিন আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম

একদিন আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

বিশ্বব্যাপী আনুষ্ঠানিক মুক্তির একদিন আগেই বাংলাদেশের দর্শকরা দেখার সুযোগ পাচ্ছেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতিক্ষিত নতুন ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

স্টার সিনেপ্লেক্স নিশ্চিত করেছে যে, আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে বাংলাদেশের পর্দায় সিনেমাটি প্রদর্শিত হবে। বিশ্বের অন্যান্য দেশে শুক্রবার (৩১ জুলাই) সিনেমাটির বৈশ্বিক প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। ফলে বিশ্ববাজারের প্রথম সারির অংশ হিসেবে বাংলাদেশে এটি প্রদর্শিত হতে যাচ্ছে।  

সিনেমাটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম চলচ্চিত্র এবং পিটার পার্কার চরিত্রে টম হল্যান্ডের চতুর্থ একক স্পাইডার-ম্যান ছবি। ডেস্টিন ড্যানিয়েল ক্রোটন পরিচালিত এই ছবিতে টম হল্যান্ড ছাড়াও আগের চরিত্রগুলোতে ফিরছেন জেনডায়া ও জ্যাকব ব্যাটালন। এছাড়া হাল্ক চরিত্রে আবারও দেখা মিলবে মার্ক রাফালোর। 

নতুন এই পর্বে যুক্ত হয়েছেন বেশ কিছু নতুন মুখ। 'স্ট্র্যাঞ্জার থিংস'খ্যাত তারকা সেডি সিঙ্ক অভিনয় করেছেন একটি রহস্যময় চরিত্রে এবং এমজে-র নতুন লাভ ইন্টারেস্ট হিসেবে দেখা যাবে ইমান এসফান্দিকে।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পরের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নতুন এই কিস্তি। বিশ্ব যখন পিটার পার্কারের পরিচয় পুরোপুরি ভুলে গেছে, তখন সাধারণ জীবন নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নতুন হুমকি ও শত্রুর মুখোমুখি হতে দেখা যাবে প্রিয় এই সুপারহিরোকে। 

/এএ 

Logo