বাংলাদেশি ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম
বাংলাদেশের আলোচিত ‘দেলুপি’ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হলেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত প্রখ্যাত ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপ। এখন থেকে আন্তর্জাতিক পরিসরে সিনেমাটি উপস্থাপিত হবে ‘অনুরাগ কাশ্যপ নিবেদিত দেলুপি’ নামে।
সোমবার (৬ জুন) দুপুরে নিজেদের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে 'দেলুপি’র প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।
পোস্টে বলা হয়– অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে, অনুরাগ কাশ্যপ দেলুপিতে অনবোর্ড হয়েছেন। এখন থেকে দেলুপি বিশ্বজুড়ে পরিচিত হবে 'অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি'। এটার পর অনেক কিছুই লেখা যায়। কিন্তু সত্যি বলতে, যাই লিখি না কেন, সেটা দিয়ে এই মুহূর্তে আমাদের অনুভূতিটা ঠিক বোঝানো সম্ভব না। একটি স্বাধীন বাংলাদেশি চলচ্চিত্রের কাঁধে কাঁধ মিলিয়ে অনুরাগ কাশ্যপের মতো একজন নির্মাতার দাঁড়ানো আমাদের জন্য শুধু একটি স্বীকৃতি নয় বরং সামনের পথচলার জন্য এক বিশাল অনুপ্রেরণা।
এর আগে, সিনেমাটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, ‘দেলুপি’ দেখার পর এর গল্প, নির্মাণশৈলী ও চিত্রভাষা মুগ্ধ করে অনুরাগ কশ্যপকে। এরপরই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ‘লেটারবক্স’–এও অনুরাগকে ‘দেলুপি’ নিয়ে উচ্ছ্বসিত প্রশংসায় মাততে দেখা যায়।
ওটিটিতে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’-এর সাফল্যের পর গত গত বছরের ৭ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’।
নদীভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় রাজনীতির প্রভাব এবং প্রান্তিক মানুষের প্রতিদিনের সংগ্রামের ছবি উঠে এসেছে সিনেমাটিতে।
মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে ‘দেলুপি’। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে। এবার সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন ‘নো স্মোকিং’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নির্মাতা।
/এএম