ছবি: ইনস্টাগ্রাম
দুই বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড সুপারস্টার আমির খান ও তার সঙ্গী গৌরী স্প্র্যাট। রোববার (৫ জুলাই) দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনে অত্যন্ত ঘরোয়া ও অন্তরঙ্গ এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় দুই পরিবারের সদস্য এবং তাঁদের পূর্ববর্তী সংসারের সন্তানরা উপস্থিত ছিলেন।
আমির খানের একজন মুখপাত্র গণমাধ্যমকে (স্ক্রিন) তাদের অফিশিয়াল বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আমিরের আগের দুই সংসারের তিন সন্তান– জুনাইদ খান, আইরা খান ও আজাদকে দেখা যায়। এছাড়া, আমিরের দীর্ঘদিনের বন্ধু তথা 'লগান' চলচ্চিত্রের পরিচালক আশুতোষ গোয়ারিকর, রিয়া চক্রবর্তী, এলি আবরাম, সাবেক ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিবিদ রাজ ঠাকরে এবং কমেডিয়ান বীর দাসসহ ঘনিষ্ঠজনেরা এই আয়োজনে অংশ নেন।
সাবেক ক্রিকেটার ইরফান পাঠান সামাজিক মাধ্যমে এই বিয়ের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে আমির ও গৌরীকে বিয়ের শপথ বিনিময় করতে দেখা যায়। ভিডিওতে আমির খানকে তার নতুন স্ত্রীর সাথে নাচতে এবং আলিঙ্গন করতেও দেখা গেছে।
আমির খান ও গৌরী স্প্র্যাটের প্রথম পরিচয় প্রায় ২৫ বছর আগে। তবে ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে তাদের পুনরায় যোগাযোগ হয়, যেখানে গৌরী কর্মরত ছিলেন। সেখান থেকেই তাদের প্রেমের সূচনা। প্রায় এক বছর দূরপাল্লার সম্পর্কে থাকার পর, গত বছর নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে মিডিয়ার সামনে নিজের পার্টনার হিসেবে পরিচয় করিয়ে দেন আমির
গৌরী স্প্র্যাট আগে একটি হেয়ারকেয়ার ব্র্যান্ডে কর্মরত ছিলেন, তবে বর্তমানে তিনি 'আমির খান প্রোডাকশন্স'-এর সাথে যুক্ত আছেন। বিয়ের আগে গত এক বছরেরও বেশি সময় ধরে তারা বান্দ্রার বাসভবনে একসাথে বসবাস করছিলেন। চলতি সপ্তাহে এক প্রিমিয়ারের রেড কার্পেটে আমির নিশ্চিত করেছিলেন যে, তাদের এই বিয়েটি একটি রেজিস্ট্রি ম্যারেজ বা আইনি বিয়ের মাধ্যমে সম্পন্ন হবে।
এটি আমির খানের তৃতীয় বিবাহ। তবে এর আগে ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন, যার সংসারে জুনাইদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। ২০০২ সালে রীনার সাথে বিচ্ছেদের পর ২০০৫ সালে তিনি নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাদের সন্তান আজাদের জন্ম হয়। ২০২১ সালে কিরণের সাথেও আমিরের বিবাহবিচ্ছেদ ঘটলেও সন্তান লালন-পালন এবং পেশাগত ক্ষেত্রে রীনা ও কিরণ উভয়ের সাথেই আমিরের চমৎকার ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।
/এএ