×
Logo

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ পাচ্ছেন যারা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ পাচ্ছেন যারা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এর জন্য নির্বাচিত ৩২ জন শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি ও কলাকুশলীকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা ফারজানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

সরকারি গেজেটের মাধ্যমে ঘোষিত এই তালিকায় মোট ২৮টি ক্যাটাগরিতে ৩২ জন শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি ও কলাকুশলীকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রবীণ অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক আজীবন সম্মাননা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এছাড়া প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং প্রয়াত চিত্রগ্রাহক-পরিচালক আব্দুল লতিফ বাচ্চুকে মরণোত্তরভাবে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

পরিচালক কে এম খালিদুজ্জামান (খন্দকার সুমন) পরিচালিত প্রশংসিত চলচ্চিত্র 'সাঁতাও' সর্বাধিক সাফল্য অর্জন করেছে। চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক উভয় বিভাগেই পুরস্কার জিতেছে। 'মারিয়াম' সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং 'লীলাবতী নাগ: দ্য রেবেল' সেরা প্রামাণ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। অভিনয় বিভাগে 'সুড়ঙ্গ' চলচ্চিত্রে অভিনয়ের জন্য আফরান নিশো সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। অন্যদিকে, 'সাঁতাও' চলচ্চিত্রে অভিনয়ের জন্য আইনুন নাহার পুতুল সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন।

'সুড়ঙ্গ' চলচ্চিত্রে অভিনয়ের জন্য মনির আহমেদ (শাকিল) সেরা পার্শ্ব অভিনেতা এবং 'ওরা সাত জন' চলচ্চিত্রে অভিনয়ের জন্য নাজিয়া হক অর্ষা সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' চলচ্চিত্রে অভিনয়ের জন্য আশীষ খন্দকার সেরা খল চরিত্রে অভিনয়ের পুরস্কার লাভ করেন। আর 'সুড়ঙ্গ' চলচ্চিত্রে অভিনয়ের জন্য শহীদুজ্জামান সেলিম সেরা কৌতুক চরিত্রে অভিনয়ের পুরস্কার অর্জন করেন।

'আম-কাঁঠালের ছুটি' চলচ্চিত্রে অভিনয়ের জন্য মোহাম্মদ লিওন সেরা শিশু শিল্পী নির্বাচিত হয়েছেন। একই চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরিফ হাসান ও আনাইরা খান বিশেষ শিশু শিল্পী পুরস্কার পেয়েছেন। সংগীত বিভাগে 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' চলচ্চিত্রের জন্য ইমন চৌধুরী সেরা সংগীত পরিচালক নির্বাচিত হয়েছেন।

জনপ্রিয় গায়ক বালাম 'প্রিয়তমা' চলচ্চিত্রের 'ও প্রিয়তমা' গানের জন্য সেরা পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন। অন্যদিকে, 'সুড়ঙ্গ' চলচ্চিত্রের 'গা ছুঁয়ে বলো' গানের জন্য অবন্তী দেব সিথী সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার অর্জন করেছেন। 'লাল শাড়ি' চলচ্চিত্রের জন্য হাবিবুর রহমান হাবিব সেরা নৃত্য পরিচালক নির্বাচিত হয়েছেন।

'প্রিয়তমা' চলচ্চিত্রের জন্য সোমেশ্বর অলি সেরা গীতিকার, প্রিন্স মাহমুদ সেরা সুরকার এবং ফারুক হোসেন সেরা কাহিনিকার হিসেবে পুরস্কৃত হয়েছেন। 'রক্তজবা' চলচ্চিত্রের জন্য মো. তাসনিমুল হাসান সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক  চলচ্চিত্র 'ওরা সাত জন' এর জন্য মোহাম্মদ সালাহ উদ্দিন আহমেদ বাবু সেরা সম্পাদক নির্বাচিত হয়েছেন। 'সুড়ঙ্গ' চলচ্চিত্রের জন্য রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা যৌথভাবে সেরা সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন।

এছাড়া 'সুড়ঙ্গ' চলচ্চিত্রের জন্য শহিদুল ইসলাম সেরা শিল্প নির্দেশক এবং সুমন কুমার সরকার সেরা চিত্রগ্রাহক হিসেবে পুরস্কৃত হয়েছেন। 'সাঁতাও' চলচ্চিত্রের জন্য সুজন মাহমুদ সেরা শব্দগ্রাহক (সাউন্ড রেকর্ডিস্ট) নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, 'সুড়ঙ্গ' চলচ্চিত্রের জন্য বিথী আফরিন সেরা পোশাক ও সেট ডিজাইনার এবং 'প্রিয়তমা' চলচ্চিত্রের জন্য সবুজ সেরা মেকআপ শিল্পীর পুরস্কার অর্জন করেছেন।

/এওয়াইএ/এসআর 

Logo