অ্যাডিলেডে প্রথমবারের মতো পারফর্ম করছেন বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় গায়ক অঞ্জন দত্ত এবং তার গানের দল 'দ্য ইলেকট্রিক ব্যান্ড'। আগামীকাল শুক্রবার (৫ জুন) গ্রিনহিল রোডের বার্নসাইড বলরুমে 'অঞ্জনস অ্যান্থেম: স্ট্রিংস অ্যান্ড স্টোরিজ'-এ গান গাইবেন এই সিঙ্গার-সং রাইটার। পারফর্ম করার কথা রয়েছে সিডনি ও মেলবোর্নেও।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (৪ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের আইডিতে একটি পোস্ট দেন 'রঞ্জনা'র স্রষ্টা।
পোস্টে তিনি লেখেন, অবশেষে আমরা অ্যাডিলেডে পৌঁছেছি। যারা এখনও টিকিট সংগ্রহ করেননি, তারা নির্ধারিত টিকিট সাইটে লগইন করে তা সংগ্রহ করতে পারবেন। প্রথমবারের মতো অ্যাডিলেডে পারফর্ম করব। এরপর ৬ তারিখে অনুষ্ঠান হবে সিডনিতে।
তিন দশকের বেশি সমান জনপ্রিয় এই গায়ক বলেন, সিডনির আগের শো যারা দেখেছেন, তারা জানেন— সেখানে পুরোনো গানগুলোর সাথে এক ধরনের নস্টালজিক যাত্রায় নিবিষ্ট থাকেন দর্শক। পাশাপাশি, কিছু নতুন গানও গাওয়া হবে।
অঞ্জন দত্ত জানান, তার বয়স বর্তমানে ৭৩ বছর এবং সংগীত ও গান লেখার বয়স ৩৫ বছর। এই পথচলাকে তিনি সাড়ম্বরে উদযাপন করতে যাচ্ছেন।
মেলবোর্নের দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ৭ তারিখের শোয়ের জন্য তারা নির্ধারিত টিকিট সাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তিনি আশা প্রকাশ করেন, দর্শকরা নিরাশ হবেন না।
'বেলা বোস'-এর গায়ক বলেন, আর কত বছর আমি আপনাদের সামনে আমার সেরা পারফরম্যান্স উপহার দিতে পারব, জানি না। বয়স বাড়ছে তবে রসবোধই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।
পোস্টের শেষে তিনি বলেন, পৃথিবী দিনদিন কঠিন হয়ে উঠছে তবে মানুষ চাইলে নিজের মতো করে ভালো সময় কাটাতে পারে। গুরুত্বপূর্ণ স্মৃতি আর এমন সংগীতের মাধ্যমে, যা কিছুটা হলেও মন ভালো করে দিতে পারে।
/এএম