×
Logo

অর্থনীতি

পোশাকশ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে পারবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

পোশাকশ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে পারবে

শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং তারা কাজে যোগ না দিলে আগামী রোববার থেকে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী মালিকরা কারখানা বন্ধ ঘোষণা করতে পারবে বলে জানিয়েছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

শনিবার (১৪ নভেম্বর) এক যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এ কথা জানান। যৌথসভার আগে উভয় সংগঠনের নেতারা বৈঠক করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, শনিবার মোট ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। এর মধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই বন্ধ রয়েছে। বাকি ৯২টি কারখানা চালু রাখার চেষ্টা করলেও উৎপাদন চালাতে পারেনি। এই ৯২টি কারখানার কোনোটি চাইলে রোববার থেকে একই ধারায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান তিনি।

মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি মতবিনিময় সভায় অংশ নেওয়া প্রায় সবাই মত দিয়েছেন, কারখানাগুলোর সার্বিক সুরক্ষা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

তার ভাষ্যমতে, সামগ্রিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ বজায় না থাকায় সংশ্লিষ্ট এলাকার কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। সার্বিক পরিস্থিতি ও শিল্পের সুরক্ষার বিষয় বিবেচনা করে মালিকেরা কারখানা বন্ধের কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

কারখানা বন্ধের সিদ্ধান্তের বিষয়ে ব্যাখ্যা দিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, কোনো বাণিজ্য সংগঠন চাইলেই কারখানা বন্ধ করতে পারে না। সংশ্লিষ্ট কারখানার মালিকেরাই বিদ্যমান পরিস্থিতিতে উৎপাদন চালাতে না পেরে শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

তিনি আরও বলেন, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত প্রায় ১২ থেকে ১৪ দিন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মালিকেরা সর্বোচ্চ চেষ্টা করে কারখানা চালু রেখেছেন। এরপরও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে না পারায় তারা এ সিদ্ধান্ত নিচ্ছেন।

উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোতে কর্মরত শ্রমিকের সংখ্যা আনুমানিক তিন লাখ বলে জানান মাহমুদ হাসান খান। প্রতিটি কারখানায় গড়ে দুই হাজার শ্রমিক ধরে এ হিসাব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

/এসআইএন


Logo