জলবায়ু অর্থায়নে বিকল্প উৎসের ভাবনা সরকারের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান নামকাওয়াস্তে। অথচ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হিসাব করলে এই ব-দ্বীপের অবস্থান সামনের দিকে। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন, লবণাক্ততা, কিংবা তাপ প্রবাহের মতো ঝুঁকি সরাসরি প্রভাব ফেলছে কৃষি, পানি, জনস্বাস্থ্য আর মানুষের জীবিকায়।
জলবায়ু অর্থায়নে নিজস্ব টাকা ব্যবহারে দেশে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন হয় ১৭ বছর আগে। এরপর ২৭ বছর মেয়াদী অভিযোজন পরিকল্পনায় নানা খুঁটিনাটি যুক্ত করেছে বাংলাদেশ। ২০৫০ সাল পর্যন্ত ১১৩টি অগ্রাধিকার উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন প্রায় ২৩০ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু অর্থের জোগান নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
তুরস্কের আনতালিয়ায় এবারের জলবায়ু সম্মেলন ক্লাইমেট বাজেট ইস্যুতে বেশ সরগরম। জলবায়ু অর্থায়নে ঋণ বেশি হবে নাকি অনুদান, অর্থ কে দিবে, কী শর্তে দেবে, কারা পাবে এ নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশের মতবিরোধ বেশ স্পষ্ট।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরি ওয়ার্ল্ড হাউসের তথ্য বলছে, ২০৩৫ সাল নাগাদ সার্বিক বৈশ্বিক অর্থায়নের লক্ষ্য ১.৩ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে ৩০০ বিলিয়ন ডলার আদায় করতে চায় উন্নয়নশীল বিশ্ব। আর শুধু অভিযোজনে দরিদ্র দেশগুলোর টার্গেট ১২০ বিলিয়ন ডলার।
প্রশ্ন হচ্ছে, চলমান দরকষাকষিতে বাংলাদেশ কি খুব সুবিধা করতে পারবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, জলবায়ু অর্থায়নে আমরা যে অনুদান নিয়ে আসবো, সেটার মাধ্যমে আমাদের দেশের অভিযোজন ও মিটিগেশন করবো কেবল সেটা না। সাথে সাথে আমাদের নানা রকম সোর্সকে কাজে লাগাতে হবে। কার্বন ক্রেডিটের ক্ষেত্রে আমরা বলতে পারি, ন্যাশনাল যে কার্বন ক্রেডিট ফ্রেমওয়ার্ক সেটির খসড়া ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। আমরা আশা করছি, সামনের এক মাসের মধ্যে এটি মন্ত্রিসভায় তুলে অনুমোদন করতে পারবো। কার্বন ক্রেডিটের যে বিষয়, সেটি আমরা একটা ফরমালাইজ জায়গায় নিয়ে যেতে পারবো।
তুরস্কের জলবায়ু সম্মেলনে আসা বিশ্লেষকরা বলছেন, বিকল্প অর্থায়নে বড় ফ্যাক্টর হতে পারে বন্ড। ফসলের ক্ষতি মোকাবেলায় কাজে আসতে পারে শস্য বিমাও।
জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ মো. শামসুদ্দোহা বলেন, বিশ্বে অর্থনৈতিক সংকট আছে, আমাদের ইনোভেশনের দিকে যাওয়া উচিত। ইনোভেশন বলতে যেটা বলা হচ্ছে, ল্যান্ডেড ফাইন্যান্স একটা ইনোভেশন, বন্ড একটা ইনোভেশন।
উল্লেখ্য, জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশের সম্মিলিত দাবি আদায়ে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ।
/এমএন