শীতের আগমনী বার্তায়ও সবজির দাম ততটা কমেনি, মাছ-মাংসের বাজার চড়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম
বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে বাজারে টাটকা, বৈচিত্র্যময় ও পুষ্টিকর সবজির সমারোহ থাকায় ক্রেতাদের মধ্যে কেনাকাটার বাড়তি আগ্রহ দেখা যায়। পছন্দের অনেক বিকল্প চলে আসে হাতের নাগালে। যদিও শীতের একেবারে শুরুতে নতুন সবজি বাজারে এলে দাম কিছুটা বেশি থাকে।
এখন এক পিচ কপির জন্য গুণতে হচ্ছে ৪০ টাকা। নানান জাতের বেগুনের দেখা মিলছে। বড় তাল বেগুনের দাম ৯০ টাকা কেজি। মোটামুটি মানে এক হালি লেবু কিনতে পকেট থেকে বেরুবে ৬০ টাকার বেশি। এক পিছ লাউয়ের জন্য গুণতে হবে ৭০ টাকা। তবে সবচেয়ে কমদামে মিলছে পেপে, ২০ থেকে ৩০ টাকা কেজিতে।
বছরের অন্য সময়ের তুলনায় দামের আঁচ কিছুটা নমনীয়। তবে কারো কারো দাবি এখনো নাগালে আসেনি। সরবরাহ বাড়লেও দাম কেন আরও কমছে না?
এ প্রশ্নে খুচরা বিক্রেতারা বছরের পর বছর ধরে চলে আসা হাতবাদলের পদ্ধতিকে দায়ী করছেন। এছাড়া, একদিকে উৎপাদন খচর বৃদ্ধি, অন্যদিকে পরিবহন খরচের বাড়তি ব্যায়কেও দায়ী করছেন অনেকে। তাদের মতে, সার, বীজ, কীটনাশক ও সেচের বাড়তি খরচের ধাক্কা লাগছে পণ্যের দামে।
এদিকে, দামে শতকের ঘর ছুয়ে আছে বেশকিছু সবজি। টমেটো, করলা আর নতুন আলু আছে এই তালিকায়। শীতের প্রকোপ পুরোপুরি বাড়লে দাম কমবে, এমন আভাস দিচ্ছেন বিক্রেতারা।
রাজধানীর পোল্ট্রির বাজারে মূল্যস্ফীতি কমার কোনো প্রভাব নেই। ডিম ও ব্রয়লারের মুরগি বিক্রি হচ্ছে আগের চড়া দামেই। বিক্রেতারা বলছেন, শীতকালে ক্ষতি এড়াতে এমনিতেই খামারে উৎপাদন কমিয়ে দেওয়া হয়।
প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের দৈনিক বাজার খরচকে আরও ভারী করে তুলছে।
প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায়। গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও তেমন স্বস্তি নেই। বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে আগের উচ্চ দামেই। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কাতলা মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ইলিশ তো সাধারণ ক্রেতাদের নাগালেরই বাইরে। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত। বড় আকারের ইলিশের দাম ছাড়িয়ে গেছে ২ হাজার ৬০০ টাকা।
/এমএন