বিবিএসের কাজকে কীভাবে গণতন্ত্রীকরণ করা যায়, এটাই মূল লক্ষ্য: অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কাজকে কীভাবে গণতন্ত্রীকরণ করা যায়, এটা আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে সকল ধরনের চিন্তাভাবনা এবং সকলের মতামত নেওয়া হচ্ছে। এটাকে কীভাবে গণতন্ত্রীকরণ, গণমুখী, জনমুখী, বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, পরিমাপযোগ্য ও স্বচ্ছতা আনা যায়।
রোববার (০৮ নভেম্বর) সকালে পরিসংখ্যান দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, তথ্য ও পরিসংখ্যানের ওপর জনগণের আস্থার অভাব থাকার কোনো কারণ নেই। যেটা পরিমাপযোগ্য হবে না ও স্বচ্ছতা সম্বন্ধে প্রশ্নবিদ্ধ হবে, সেই তথ্যের ওপর কোনো কাজ করা সম্ভব না। কোনো সরকার তথ্য নিয়ে যদি কোনো রকমের ম্যানিপুলেশনে যায়, এটা হচ্ছে নিজের সাথে প্রতারণা করা ছাড়া আর কিছু না। অর্থাৎ আমি নিজের সাথে নিজে প্রতারণা ও নিজেকে নিজে বোকা বানাচ্ছি।
তিনি আরও বলেন, অর্থনীতিকে গণতন্ত্রীকরণ করা। রাজনীতির গণতন্ত্রীকরণের একটা পর্যায়ে যেতে পারি, কিন্তু অর্থনীতি যদি গণতন্ত্রীকরণ না হয়, রাজনীতি গণতন্ত্রীকরণ কোনোদিনই কাজ করবে না।
অর্থমন্ত্রী বলেন, আমরা যেই ফরেনসিক অডিটটা করেছি, এটার ভিত্তিটার একটাই কারণ। কোনো বিগত সরকারের দোষত্রুটি ধরার জন্য না।
তিনি আরও বলেন, যে সরকার, কোম্পানি, ব্যক্তি ও রিসার্চারের হাতে ডেটা থাকবে না—তার সামনের দিকে এগোনোর কোনো সুযোগ নেই। সেইজন্য অসম্ভব জোর দিচ্ছি ডেটার ওপর ভিত্তি করে যাতে কাজ করতে পারি।
এদিকে, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, পরিসংখ্যান ব্যুরোর প্রথম কাজ তথ্যের ওপর আস্থা ফিরিয়ে আনা। তথ্যের দিক থেকে সবচেয়ে নির্ভরযোগ্য জায়গায় যাওয়া সরকারের অঙ্গীকার ও একই সঙ্গে চ্যালেঞ্জ।
ফ্যাসিবাদী আমলে ভুল তথ্য প্রকাশের কারণে আস্থা চলে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত সময়ে যে জিডিপি প্রকাশ করা হয়েছে, তাতে ফাঁকফোকর ছিল। গলদ ছিল। তাই বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, তথ্য নিয়ে কোনো বিকৃতি যেন না হয়। তথ্যের বিকৃতি সরকারের পরিকল্পনা ব্যাহত করে।
অন্যদিকে, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, গত ১৭ বছর ছিল বয়ান তৈরির মহোৎসব। কীভাবে মানুষকে ধোঁকা দিতে হয়, তার হাতিয়ার ছিল পরিসংখ্যান।
তিনি আরও বলেন, পতিত সরকারের আমলে পরিসংখ্যানকে হাতিয়ারের মতো ব্যবহার করা হয়েছে। অতীতে সামাজিক উন্নয়ন কর্মসূচিতে পরিসংখ্যানগত অনিয়ম ছিল। যিনি প্রাপ্য, তিনি পেতেন না।
/এসআইএন