×
Logo

অর্থনীতি

টানা তৃতীয় দফায় বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম

টানা তৃতীয় দফায় বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এদিন সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর এ সিদ্ধান্তের কথা জানায় বাজুস।

এতে বলা হয়— স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা করা হয়েছে। নির্ধারিত এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে, গত ৪ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে দুই দফায় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে মোট ৮ হাজার ৮০৬ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬৭ দফা এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

/এমএইচআর

Logo