আইএমএফ
মধ্যপ্রাচ্য সংকটের পরও জ্বালানি তেলের সরবরাহ দীর্ঘসময় বাধাগ্রস্ত হবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রত্যাশা মধ্যপ্রাচ্য সংকটের পরও জ্বালানি তেলের সরবরাহ দীর্ঘসময় বাধাগ্রস্ত হবে না। তবে এর রেশ স্বল্পোন্নত দেশগুলোতে কিছুটা হলেও প্রভাব ফেলবে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংক বার্ষিক সম্মেলনের প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্রিস্টালিনা জর্জিয়েভা।
সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে সাইবার হামলা এবং আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় বিশেষ সতর্কতার তাগিদ দেন জর্জিয়েভা। পাশাপাশি বিভিন্ন খাতে ইউরোপকে বিনিয়োগ বৃদ্ধি, চীনকে খরচ বাড়ানো এবং যুক্তরাষ্ট্রকে সঞ্চয়ের পরামর্শ দেন তিনি।
এমডি জানান, স্বল্পোন্নত দেশে অর্থায়ন তিনগুণ বৃদ্ধি করতে চায় আইএমএফ। তবে, আশার কথা শুনিয়েছেন উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি নিয়ে। আগাম সংস্কারের ফলে সৌদি আরবসহ এসব দেশে তেলবহির্ভূত খাতের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
আইএমএফ মনে করে, আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকলে, বৈশ্বিক এই সহনশীলতা আরও শক্তিশালী হবে। আত্মতুষ্টিতে না ভুগে, বৈশ্বিক সহনশীলতার উপাদানগুলো ধরে রাখতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।
/এমএইচআর