তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়তি চাপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ এএম
আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে। যার কারণে রাজধানীতে মাছের যোগান বাড়লেও দাম কমেনি।
বিক্রেতাদের দাবি, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় গত সপ্তাহের তুলনায় সব ধরনের মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে।
চাষের রুই-কাতলার কেজি চারশ টাকা ছাড়িয়েছে। আর নদীর সুস্বাদু মাছের জন্য গুণতে হচ্ছে হাজার থেকে বারোশ টাকা কেজি। ইলিশের যোগান ভালো। কেজি প্রতি দুই-তিনশ টাকা দাম কমলেও এখনো অল্প আয়ের মানুষের জন্য কেনা বেশ দুঃসাধ্য। ৮শ' থেকে ৯শ' গ্রাম ওজনের ইলিশের জন্য গুণতে হবে ২ হাজার থেকে ২২শ' টাকা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধাক্কা লেগেছে সবজি বাজারেও। গত সপ্তাহের তুলনায় বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, আর কয়েক সপ্তাহ পর শীতের সবজির যোগান বাড়লেই দাম কমবে। তবে এসব মন্তব্য খুব একটা স্বস্তি দিচ্ছে না ক্রেতাদের।
মাছের ও সবজির বাজারের উত্তাপ এড়িয়ে যারা ডিমের দোকানে ভিড়ছেন, স্বস্তি নেই সেখানেও। লাল ডিমের ডজন মিলছে ১৪৫ টাকায়। আর পাড়া মহল্লার দোকানে কিনতে হলে দিতে হবে দেড়শ টাকা।
এদিকে, কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। একই চিত্র লেয়ার মুরগির দোকানেও। বিক্রেতারা প্রতি কেজির দাম হাঁকছেন ৩৭০ টাকা। আর তিনশ থেকে ৩২০ টাকা কেজিতে মিলছে সোনালি জাতের মুরগি।
অপরিবর্তিত আছে গরু আর খাসির মাংসের দাম। এক কেজি গরুর মাংসের জন্য দিতে হবে ৭৮০ থেকে ৮শ' টাকা। আর খাসির জন্য সাড়ে বারোশ টাকা।
/এমএন