চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম
চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি) পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশে নামিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর আগে, গত জুলাই মাসে দেওয়া পূর্বাভাসে ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে জানিয়েছিল সংস্থাটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এডিবির ফ্ল্যাগশিপ প্রকাশনা ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ (এডিও) এর সাম্প্রতিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে ব্যাংকিং খাতে দীর্ঘস্থায়ী সংকট, অবকাঠামোগত বাধা এবং তীব্র জ্বালানি ঘাটতিকে উল্লেখ করেছে এই আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা।
উচ্চ খেলাপি ঋণ, ব্যাংকের দুর্বল ব্যালেন্স শিট, ঋণের চড়া সুদহার এবং ব্যাংকগুলোর ঝুঁকি এড়িয়ে সরকারি সিকিউরিটিতে অর্থ বিনিয়োগের প্রবণতার কারণে বেসরকারি খাত প্রয়োজনীয় ঋণ পাচ্ছে না। ফলে অর্থনৈতিক সম্প্রসারণ স্থবির হয়ে পড়েছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়।
এদিকে, ২০২৬–২৭ অর্থবছরে গড় মূল্যস্ফীতি বেড়ে ৯ শতাংশে পৌঁছাতে পারে, যা আগের অর্থবছরে ছিল ৮ দশমিক ৭ শতাংশ। জুলাইয়ের হালনাগাদে মূল্যস্ফীতি ৮ দশমিক ৮ শতাংশ হবে বলে ধরা হয়েছিল।
/এমএন