×
Logo

অর্থনীতি

বাংলা কিউআরের নতুন নিয়ম, লেনদেনের টাকা তাৎক্ষণিক জমা হবে মার্চেন্টের হিসাবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পিএম

বাংলা কিউআরের নতুন নিয়ম, লেনদেনের টাকা তাৎক্ষণিক জমা হবে মার্চেন্টের হিসাবে

ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে পণ্য বিক্রির টাকা সঙ্গে সঙ্গে বিক্রেতা বা মার্চেন্টের হিসাবে জমা করতে হবে। আগামী ১ অক্টোবর থেকে এ নিয়ম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং সিস্টেম অপারেটরদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে বাংলা কিউআর কোডে লেনদেনের ক্ষেত্রে ছোট বিক্রেতারা তাৎক্ষণিকভাবে অর্থ পেলেও বড় মার্চেন্টদের ক্ষেত্রে টাকা জমা হতে এক থেকে দুই দিন সময় লাগত। ফলে অনেক ব্যবসায়ী ডিজিটাল মাধ্যমে অর্থ গ্রহণে আগ্রহ হারাতেন।

বাংলা কিউআর ব্যবস্থায় অংশগ্রহণ বাড়াতে এবং লেনদেন সহজ করতে এখন সব মার্চেন্টের হিসাবেই তাৎক্ষণিক অর্থ জমার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে শুধু সরাসরি কিউআর কোড স্ক্যান নয়, মোবাইল ফোনের গ্যালারি থেকে সংরক্ষিত বাংলা কিউআর কোডের ছবি আপলোড করেও মূল্য পরিশোধের সুবিধা চালু করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, শুধু ব্যাংকের কার্ডধারী নয়, সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারী যেন নিজ নিজ ব্যাংকের মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে সহজে লেনদেন করতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

/এনএ 


Logo