×
Logo

অর্থনীতি

জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ পাবে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:০৮ পিএম

জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ পাবে: জ্বালানিমন্ত্রী

জ্বালানি তেল আমদানিতে নির্দিষ্ট কোনও একটি কোম্পানিকে সুযোগ দেওয়া হচ্ছে না, বেসরকারি বিনিয়োগ বাড়াতে সবাই সমান সুযোগ পাবে। যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ তৈরি করতে একটি সাধারণ নীতিমালা করার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীতে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, শিল্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিক; কয়লাভিত্তিক নতুন বিদ্যুৎকেন্দ্র করতে চায় সরকার। কিন্তু এ ধরনের প্ল্যান্ট করার ব্যাপারে দাতা দেশগুলোর আপত্তি আছে।

এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি সবার ক্রয়ক্ষমতার মধ্যে আনতে চায় সরকার, কিন্তু আমলাতন্ত্রের কারণে সময় বেশি লেগে যায় বলে উল্লেখ করেন তিনি।

জ্বালানি সরবরাহে অর্থের ঘাটতি থাকার কথাও বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এজন্য নানা উৎস থেকে অর্থ সংগ্রহের ব্যবস্থা করছে সরকার।

এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, এলপিজির দাম স্থিতিশীল রাখতে সরকার হস্তক্ষেপ করবে। ব্যবসায়ীদের বাল্ক অ্যামাউন্টে এলপিজি এনে দেবে সরকার। ল্যান্ড বেজড এলএনজি টার্মিনাল করার জন্য মাতারবাড়িতে জমি নির্ধারণ করা হয়েছে।

/এমএন

Logo