অধিক্ষেত্র পুনর্নির্ধারণ
নতুন ভ্যাট কমিশনারেট গঠন করল এনবিআর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম
ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করে নতুন ভ্যাট কমিশনারেট গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর জাল সম্প্রসারণ, রাজস্ব আহরণ বাড়ানো এবং করদাতাদের সেবার মান উন্নয়নের মাধ্যমে ব্যাবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনবিআর সূত্র জানিয়েছে।
জানানো হয়, প্রশাসনিক এই পুনর্গঠনের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাবসায়িক শনাক্তকরণ নম্বর-বিআইএন নতুন কমিশনারেটের আওতায় স্থানান্তর করা হয়েছে। এ ক্ষেত্রে বিআইএন নম্বরের শেষ চারটি সংখ্যা পরিবর্তিত হলেও প্রতিষ্ঠানের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
এদিকে, আগামী ৩০ নভেম্বরের পর পুরোনো বিআইএন কাস্টম্সের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর অর্থাৎ ১ ডিসেম্বর থেকে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কাস্টম্সের সব কার্যক্রম শুধু নতুন বিআইএন ব্যবহার করেই সম্পাদন করতে হবে।
এনবিআর বলছে, পরোক্ষ কর ব্যবস্থাকে আরও গতিশীল, কার্যকর এবং আধুনিক করার উদ্দেশ্যে প্রশাসনিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
/এসআর